ঢাকায় লেগুনার ধাক্কায় সাইকেলআরোহীর মৃত্যু
রাজধানীর গুলশান এক নম্বর এলাকায় সাইকেলআরোহী এক যুবক বাসায় ফেরার পথে লেগুনার ধাক্কায় মারা গেছেন।
আরিফ (২৫) নামের ওই যুবককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, আরিফ মধ্য বাড্ডা এলাকায় থাকতেন। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রী; গ্রামের বাড়ি বরগুনায়। রাত সাড়ে ১২টার দিকে তার ভাই হেলাল তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
হেলালের বরাত দিয়ে এএসআই সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফ রাতে কাজ শেষে সাইকেলে করে বাসায় ফেরার সময় একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
