২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় হিজড়া গুলিবিদ্ধ, অভিযোগ ‘নকল হিজড়ার’ বিরুদ্ধে

উত্তরায় ‘টাকা কালেকশনের’ সময় এক হিজড়া গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 03:45 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

এ ঘটনার জন্য হিজড়াদেরই আরেকটি দলকে দায়ী করেছেন আহতের সঙ্গীরা। পুলিশ উত্তরা থেকে দুজনকে আটকও করেছে।

আহত সেঁজুতি ওরফে মানিককে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তার পিঠ ও পেটে গুলি লেগেছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন হিজড়া সেঁজুতিকে হাসাপাতলে নিয়ে আসেন।

হাসপাতালে সেঁজুতির সঙ্গে আসা রিনা নামের আরেক হিজড়া বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে আমরা উত্তরা সাত নম্বর সেক্টরে রাজউক মার্কেটের কাছে টাকা কালেকশন করছিলাম। এ সময় হঠাৎ করে সীমা, কচি, স্বপ্নাসহ কয়েকজন হিজড়া দুটো মোটরসাইকেলে করে এসে গুলি করে চলে যায়।”

রিনার আরেক সঙ্গী মাসুমা বলেন, “স্বপ্না ওরফে খায়রুল পুরুষ হলেও নিজেকে হিজড়া সাজিয়ে দলবল নিয়ে বিভিন্ন অপরাধ ঘটিয়ে আসছে। সে গুলশান-বনানী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কাজে বাধা দেওয়ায় এবং অন্যায়ের প্রতিবাদ করায় আজ এই হামলা হলো।”

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের উত্তরা বিভাগের এডিসি আব্দুস সালাম বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “ওদের নিজেদের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে থানায় নেওয়া হয়েছে।”