প্রতিবেদন প্রকাশের পর ম্যাট্রিক্স জানাল, লাইসেন্স আছে
আগুনে পুড়ে যাওয়া ম্যাট্রিক্স সোয়েটার লিমিটেডের লাইসেন্স নবায়ন বিষয়ক তথ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ওয়েবসাইটে এখনও ‘নো’ ই লেখা রয়েছে।
এ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের পর কারখানাটির মালিকপক্ষ দাবি করছে, গত ডিসেম্বরে তাদের লাইসেন্স আগামী বছরের জুন পর্যন্ত নবায়ন করা হয়েছে।
বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘পুড়ে যাওয়া ম্যাট্রিকে কাজ চলছিল লাইসেন্স ছাড়াই’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগে কারখানাটির পরিচালক (অর্থ) অনিমেষ মজুমদার নবায়ন না হওয়া নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।
তবে সংবাদ প্রকাশের পর এক ‘প্রতিবাদপত্রে’ তিনি জানান, কারখানাটির লাইসেন্স ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নবায়ন করা আছে, যা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর অফিস ২০১৫ সালের ২৭ ডিসেম্বর অনুমোদন করেছে।
মঙ্গলবার সকালে গাজীপুরের ছয়দানায় এই কারখানা ভবনের অষ্টম তলায় আগুন লেগে প্রায় একশ কোটি টাকার ক্ষতি হয় কর্মকর্তারা দাবি করেছেন।
অগ্নিকাণ্ডের ছবি
এরপর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ম্যাট্রিক্স সোয়েটার লিমিটেডের লাইসেন্স নবায়নের সংক্রান্ত তথ্যের স্থানে ‘নো’ লেখা অর্থাৎ নবায়ন করা নেই।
বিষয়টি নিশ্চিত হতে ম্যাট্রিক্সের পরিচালক অনিমেষের সঙ্গে কথা বলে কোনো সুদত্তর না পাওয়ার পর প্রতিবেদন প্রকাশের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যোগাযোগ করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে।
প্রথমে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক শামসুজ্জামান ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংস্থার গাজীপুর অফিসে খোঁজ নেওয়ার পরামর্শ দেন।
বুধবার অধিদপ্তরের গাজীপুর অফিসের প্রধান উপ-মহাপরিদর্শক ফরিদ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু সময় নিয়ে নথিপত্র দেখে জানান, কারখানাটির লাইসেন্স নবায়ন করা হয়নি।
এরপর রাতে প্রতিবেদন প্রকাশের আগে অনিমেষ মজুমদারের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, “আমরা নবায়নের জন্য আবেদন করেছি। নবায়ন কার্যক্রম প্রক্রিয়াধীন।”
প্রতিবেদন নিয়ে ম্যাট্রিক্সের বিবৃতি আসার পর বৃহস্পতিবার অধিদপ্তরের কর্মকর্তা ফরিদ উদ্দিনের সঙ্গে কথা বলতে চাইলে প্রথমে তিনি ‘ব্যস্ততার’ কারণ দেখিয়ে কথা বলতে চাননি।
কয়েক দফা চেষ্টা চালিয়ে যাওয়ার পর তিনি শুধু বলেন, “কারখানাটির লাইসেন্স নবায়ন করা আছে।”
দেড় বছর আগে পরিদর্শনে গিয়ে ম্যাট্রিক্স কারখানার বৈদ্যুতিক নিরাপত্তার জন্য ৩ থেকে ৬ দিনের মধ্যে বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতি পরিবর্তনের পরামর্শ দিয়েছিল বাংলাদেশের পোশাকের বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স।
একইসঙ্গে জেনারেটর কক্ষ ময়লা-আবর্জনামুক্ত করা এবং মালামাল যথাযথভাবে সংরক্ষণের পরামর্শ দিয়ে আসে তারা।
ম্যাট্রিক্সে অগ্নিকাণ্ডের পর অ্যালায়েন্সের এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।
