পুড়ে যাওয়া ম্যাট্রিক্সে কাজ চলছিল লাইসেন্স ছাড়াই
গাজীপুরে আগুনে পোড়া ম্যাট্রিক্স সোয়েটার লিমিটেড লাইসেন্স নবায়ন ছাড়াই কাজ করছিল দেড় বছর ধরে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ওয়েবসাইটে লাবিব গ্রুপের এই কারখানার বিষয়ে এ তথ্য রয়েছে।
এতে বলা হয়,২০১৪ সালের ৪ জুন এই কারখানা পরিদর্শন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সেই সময়ই কারখানাটির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ছিল।
লাইসেন্স নবায়নের জন্য আবেদন করা হয়েছে বলে ম্যাট্রিক্স সোয়েটারের পরিচালক (অর্থ) অনিমেষ মজুমদার জানিয়েছেন।
তবে কেন নবায়ন হয়নি, সে বিষয়ে তাদের কাছে যেমন কোনো উত্তর পাওয়া যায়নি; তেমনি পাওয়া যায়নি অধিদপ্তর থেকেও।
মঙ্গলবার সকালে গাজীপুরের ছয়দানায় এই কারখানা ভবনের অষ্টম তলায় আগুন লেগে প্রায় একশ কোটি টাকার ক্ষতি হয় বলে যানজট নিয়ন্ত্রণে দিল্লির ‘জোড়-বিজোড়’ নিয়ম ঢাকায়ও! কারখানার কর্মকর্তারা দাবি করেছেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলেও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরকে জানিয়েছেন তারা।
এর চারদিন আগেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ কারখানায় আগুন লেগেছিল। তবে সেদিন সহজে আগুন নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের লাগে প্রায় সাড়ে ৬ ঘণ্টা।
দেড় বছর আগে পরিদর্শনে গিয়ে এই কারখানার বৈদ্যুতিক নিরাপত্তার জন্য ৩ থেকে ৬ দিনের মধ্যে বৈদ্যুতিক তার ও যন্ত্রপাতি পরিবর্তনের পরামর্শ দিয়েছিল বাংলাদেশের পোশাকের বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স।
একইসঙ্গে জেনারেটর কক্ষ ময়লা-আবর্জনামুক্ত করা এবং মালামাল যথাযথভাবে সংরক্ষণের পরামর্শ দেয় তারা।
ম্যাট্রিক্সে এই অগ্নিকাণ্ড বাংলাদেশে পোশাক কারখানায় সংস্কার কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেছে বলে বুধবার অ্যালায়েন্সের এক বিবৃতিতে বলা হয়েছে।
লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা সম্পর্কে জানতে চাইলে ম্যাট্রিক্স সোয়েটারের কর্মকর্তা অনিমেষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিষয়টি ঠিক নয়।
“প্রত্যেকটি লাইসেন্সের একটি মেয়াদ থাকে, মেয়াদ শেষে নবায়ন করতে হয়। আমরা নবায়নের জন্য আবেদন করেছি। নবায়ন কার্যক্রম প্রক্রিয়াধীন।”
এজন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ফায়ার সার্ভিসের সনদ, ভবনের মান সনদ, কারখানার লে-আউট প্ল্যান, ভাড়ার ভবন হলে তার চুক্তিপত্র, বীমা, হালনাগাদ ট্রেড লাইসেন্স, মালিকানার তথ্যসহ বিভিন্ন দলিল প্রয়োজন হয়।
ওই কারখানার লাইসেন্স নবায়ন কেন হয়নি- জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের ডেপুটি মহাপরিদর্শক ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি গত ১২ তারিখে এই অফিসে যোগদান করেছি। কেন নবায়ন হয়নি সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।”
অ্যাকর্ড ও অ্যালায়েন্সের এক যৌথ পরিদর্শক দল ২০১৪ সালের ৪ জুন কারখানাটি পরিদর্শনের পর এর কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা বিষয়ে বেশ কিছু সংস্কারের জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার পরামর্শ দেয়।
তাদের পরামর্শ অনুযায়ী কোনো কাজ করা হয়েছে কি না- জানতে চাইলে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক শামসুজ্জামান ভূইয়া বলেন, “ফলোআপ ইনস্পেকশনের বিষয়টি আঞ্চলিক অফিস দেখে।”
সংস্থার গাজীপুর কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
তবে গাজীপুর অফিসের প্রধান ফরিদ এ বিষয়ে কিছু বলতে পারেননি। এক্ষেত্রেও সীমাবদ্ধতা হিসেবে সম্প্রতি যোগ দেওয়ার কথা বলেছেন তিনি।
কারখানা কর্মকর্তা অনিমেষ মজুমদার এ বিষয়ে বলেন, “অ্যাকর্ড ও অ্যালায়েন্সের বিষয়টি বেশ টেকনিক্যাল। আমি বিস্তারিত বলতে পারব না।
“তবে এটা বলতে পারব- তাদের (অ্যাকর্ড ও অ্যালায়েন্স) পরামর্শ অনুযায়ী অনেক কাজ হয়েছে। এখনও কাজ চলছে। ফায়ার ডোর আমদানির জন্য এলসি খোলা হয়েছে।”
“আর যে ফ্লোরে আগুন লেগেছে, সেটা আমাদের তত্ত্বাবধানে ছিল না। এতদিন ভাড়া দেওয়া ছিল। গত বছরের অক্টোবরে আমরা হাতে পেয়েছি।”
