‘মুড়ি-মুড়কির’ মতো ক্লিনিক হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের বিভিন্ন স্থানে ‘মুড়ি-মুড়কির’ মতো ক্লিনিক গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারদলীয় সাংসদ আবদুল মতিন খসরুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে মুড়ি-মুড়কির মতো ক্লিনিক হচ্ছে। এগুলো হাসপাতাল নয়।
“কেউ চাইলে চাইনিজ রেস্টুরেন্ট করতে পারে। কিন্তু, নীতিমালা ছাড়া এভাবে হাসপাতাল করা যায় না।”
সরকার দলীয় সাংসদ মো. ইসরাফিল আলমের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী সংসদকে জানান, সরকারি হিসাব অনুযায়ী দেশে (নভেম্বর ২০১৫) চার হাজার ১৪৩ জন এইচআইভি আক্রান্ত রয়েছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরে একটি ও ৪২টি হাসপাতালে উন্নতমানের টেলি মেডিসিন কার্যক্রম চালু রয়েছে।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, টেলিমেডিসিন কার্যক্রমের মাধ্যমে গত ৫ বছরে ১৮ হাজার ১৫২ জনকে বিশেষায়িত সেবা দেওয়া হয়েছে।
