২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ গ্রন্থাগারে ‘উইমেনস কর্নার’ হচ্ছে

জাতীয় সংসদের গ্রন্থাগারে ‘উইমেনস কর্নার’ স্থাপন করা হবে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরস্কার পাওয়া সংক্রান্ত সব ছবিও থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কমিটি সংসদ গ্রন্থাগারে ‘উইমেনস কর্নার’-এ প্রধানমন্ত্রীর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাওয়া সব পুরস্কার সংক্রান্ত ছবি সংগ্রহ, সব নারী সংসদ সদস্যদের ডেটাবেইজ তৈরি, বুলেটিন প্রচার, ফেইসবুকে একাউন্ট এবং ই-মেইল এড্রেসসহ ওয়েবপেইজ খোলার বিষয়ে সংসদ সচিবালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে।

৮৫ হাজারেরও বেশি বই থাকা সংসদ গ্রন্থাগারে ওই কর্নার প্রতিষ্ঠার লক্ষ্য হিসেবে সব দলের নারী সাংসদদের কাছে ‘লৈঙ্গিক সমতা ও নারীর ক্ষমতায়ন’ সংক্রান্ত বিষয়গুলোর হালনাগাদ তথ্য উপস্থাপনের কথা বলা হয়েছে।

এছাড়া নারী সংক্রান্ত বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠায়ও এটা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বৃহত্তর পরিসরে অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও সমতা নিশ্চিতে সিদ্ধান্তগ্রহণ ও সেগুলোর বাস্তবায়নে মহিলা সংসদ সদস্যদের অবগত করা, নারী ইস্যুতে মহিলা সংসদ সদস্যদের মধ্যে নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে সচেতনতা ও  সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক হুইপ মাহাবুব আরা বেগম গিনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাগুফতা ইয়াসমিন, সানজিদা খানম, ফজিলাতুন নেসা বাপ্পি, নাভানা আক্তার ও ওয়াসিকা আয়শা খান অংশ নেন।