ই-টেন্ডারিংয়ে স্বজনপ্রীতির সুযোগ নেই: ঢাকা উত্তর
উন্নয়ন কাজে অংশগ্রহণ নিয়ে মেয়র আনিসুল হকের বিরুদ্ধে কয়েকজন কাউন্সিলরের একাট্টা হওয়ার খবর প্রকাশের ব্যাখ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলেছে, ই-টেন্ডারিং প্রক্রিয়ায় স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।
কাউন্সিলরদের তৎপরতা নিয়ে গত ১ ফেব্রুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংবাদ দেখে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মনোয়ার হোসেনের স্বাক্ষরে পাঠানো একটি পত্রে এই ব্যাখ্যা তুলে ধরা হয়।
প্রকাশিত সংবাদে ই-টেন্ডারিং বিষয়টিকে ‘ভুলভাবে’ উপস্থাপন করা হয়েছে দাবি করে বলা হয়, “এ পদ্ধতিটির সকল কার্যক্রম সিপিটিইউ কর্তৃক পরিচালিত এবং নিয়ন্ত্রিত। ইহা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সক্ষম হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে কাউন্সিলরদের কথায় গুরুত্ব ই-টেন্ডারিংয়ের বিষয়ে ছিল না। মূলত বিভিন্ন কাজে অবহেলিত হওয়ার অভিযোগ মেয়রের বিরুদ্ধে জানিয়েছিলেন কাউন্সিলররা।
এর মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কাউন্সিলর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “সম্প্রতি মেয়র ১৬০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ই-টেন্ডারের মাধ্যমে তার মনোনীত ব্যক্তিদের দিয়েছেন, যেখানে বিএনপির ঠিকাদাররাও রয়েছেন।”
এই কাউন্সিলররা রাজধানীর মনিপুরীপাড়ায় একটি রেস্তোরাঁয় একটি বৈঠক করার চেষ্টা করেছিলেন। তবে ‘প্রশাসনের চাপে’ তা করতে পারেননি বলে কয়েকজন কাউন্সিলর জানান।
মনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে ই-টেন্ডারিংয়ের বিষয়ে গুরুত্ব দিয়ে বলা হয়, “আপনাদের প্রকাশিত সংবাদটি সম্পূর্ণরূপে সঠিক নয়।”
