বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি স্থগিতের মেয়াদ বাড়লো
বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর আশ্বাসে ক্লাসে ফেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে কর্মবিরতি স্থগিতের মেয়াদ ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন।
৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে এক বৈঠকের পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এইচ এম মাকসুদ কামাল।
তিনি বলেন, “৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আন্দোলনের কর্মসূচি স্থগিত রেখেছিলাম। আজকের সভায় এটি ২৩ তারিখ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।”
ওইদিনের মধ্যেই শিক্ষকদের দাবির বিষয়ে সমাধান হবে বলে আশাপ্রকাশ করেন ফেডারেশনের মহাসচিব।
“না হলে ওইদিন সকালে ফেডারেশনের সাধারন সভায় স্থগিত কর্মসূচি নিয়ে পর্যালোচনা করা হবে।
“সমাধান যদি সকলের নিকট সম্মানজনক হয়, তাহলে সরকার থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাব। আর যদি সম্মানজনক না হয়, তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”
সংবাদ সম্মেলনে বেতন বৈষম্য নিরসনে সরকারের শীর্ষ আমলাদের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়েও কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ কামাল।
“ফেডারেশনের সঙ্গে সরকারের চার জন উচ্চপদস্থ সচিবের দুই দফা আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গেও একদফা আলোচনা হয়েছে।
“আমাদের মনে হচ্ছে, আমরা সম্মানজনক সমাধানের দিকেই অগ্রসর হচ্ছি। তবে আমলাদের মন-মানসিকতার ওপরও অনেক কিছু নির্ভর করছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, সরকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে, অগ্রগতি আছে।
“এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমাধান আমরা পাইনি। তবে দ্রুতই সমাধানে পৌঁছাতে পারব বলে আমরা আশা করছি।”
কর্মসূচি স্থগিত থাকলেও শিক্ষকরা আন্দোলনের মধ্যেই আছেন বলেও মন্তব্য করে অধ্যাপক ফরিদ বলেন, “সামনের দিকে এগোচ্ছি, অগ্রসর হচ্ছে। তবে বলতে পারি আমরা আন্দোলনে আছি আন্দোলনে ছিলাম, আলোচনা হচ্ছে, চলছে।”
