শিক্ষার্থীরা যেন বিভ্রান্তির পথে না যায়: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদের মতো ‘বিভ্রান্তির পথে’ না যায়, সেজন্য শিক্ষকদের সজাগ থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, “ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে কখনও বলেনি যে সুইসাইড কর। যে সুইসাইড করবে, সে দোজখে যাবে। সেই ইসলাম ধর্মের নামে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যক্রম- এটা কারও কাছে গ্রহণযোগ্য নয়।”
“আমাদের ছেলেমেয়েরা যেন এসব থেকে দূরে থাকে। তাদের যেন কেউ বিভ্রান্ত করতে না পারে”, বলেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবারের প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’।
কেউ যাতে ‘বিভ্রান্তিমূলক’ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে- তা নিশ্চিত করতে ‘যথাযথ’ শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।
“প্রত্যেক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় এই শিক্ষাটা দেওয়া দরকার। এই ধরনের বিভ্রান্তিমূলক কাজে কেউ যেন লিপ্ত না হয়।… আমরা সন্ত্রাসী-জঙ্গিবাদে বিশ্বাস করি না। আমরা শান্তিতে বিশ্বাস করি।”
আজকের যে শিশু আগামী দিনে দেশ পরিচালনা করবে, তাদের সুশিক্ষায় শিক্ষিত ও উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলার এবং তাদের মেধার বিকাশ ঘটানোর ওপরও প্রধানমন্ত্রী জোর দেন।
শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা। আমরা সব সময় শিক্ষাকে, শিক্ষককে মর্যাদা দিই। এখনও আমি আমার শিক্ষকদের পেলে মর্যাদা দেই। সোনার বাংলা গড়তে যে সোনার ছেলেমেয়ে দরকার, সেই সোনার ছেলে গড়ার কারিগর হচ্ছেন আমাদের শিক্ষক।”
প্রতিটি শিশুকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার কথা বলেন সরকারপ্রধান।
তিনি আবারও বলেন, “আমরা চাই, আমাদের ছেলে মেয়েরা সুনাগরিক হিসাবে গড়ে উঠুক। ছেলেমেয়েরা যেন বিভ্রান্তির পথে না যায়। মাদকাসক্তি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কেউ যেন জড়িত না হয়।”
এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০১৫ সালের ‘প্রাথমিক শিক্ষা পদক’ বিতরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপরও গুরুত্ব দেন।
মিলনায়তনে উপস্থিত শিক্ষার্থীদের দিতে তাকিয়ে শেখ হাসিনা হেসে বলেন, “সারাক্ষণ পড় পড় বললে হয়? সারাক্ষণ কী পড়তে ভালো লাগে? পড়ার সাথে একটু খেলাও লাগে। তাই না?”
শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়ানৈপুণ্য বাড়াতে প্রাথমিক ছাত্রদের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং ছাত্রীদের জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কথা উল্লেখ করে তিনি বলেন, “ফুটবল আর কাবাডির সাথে সাথে স্থানীয় গ্রাম্য খেলার যাতে প্রসার ঘটে, সে ব্যবস্থা আমরা নিয়েছি।”
শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে ২০১০ সাল থেকে প্রতিটি বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কাউন্সিল’ গঠিত এবং কক্সবাজারে ‘লিডারশিপ ট্রেনিং সেন্টার’ নির্মাণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আজকে যে ছোট ছোট শিশু, তারাই তো একদিন মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, শিক্ষক হবে, বৈজ্ঞানিক হবে।”
প্রাথমিক বিদ্যালয় থেকে ঝড়ে পড়া বন্ধে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যেখানে যেখানে এই সাহায্যটা দেওয়া হচ্ছে না, সেখানে আমাদের যে জনগণ, জনপ্রতিনিধি, বিত্তশালীরা আছেন- তারা সহযোগিতা করতে পারেন। স্কুল কমিটি, অভিভাবক এবং প্রশাসনে যারা আছেন, তাদেরও আমি সে নির্দেশ দিয়েছি।
“সকলে মিলে স্ব-উদ্যোগে স্কুল ফিডিং কর্মসূচি চালু করবেন। সকলে মিলে উদ্যোগ নিলে নিজেরা খাবার তৈরি করে স্কুলের বাচ্চাদের দেওয়া যেতে পারে। তাতে ঝরে পড়াটাও কমে যাবে। সকলে মিলে করলে আর পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। কে, কবে, কী অনুদান দেবে আর সাহায্য করবে- সে আশায় না থেকে আমরা স্ব-উদ্যোগে এই পদক্ষেপগুলো নিতে পারি।”
“সেদিন প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৩ হাজার ৮৪৫ জন শিক্ষকের চাকরি সরকারিকরণের ঘোষণা দিয়েছিলাম। আমরা ঘোষিত পদের চেয়ে ৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৮ হাজার ২০০ শিক্ষকের চাকরি সরকারি করেছি। ৭২ সালের পর আমরা জাতীয়করণ করেছি, আর কেউ করেনি।
বিনামূল্যে ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭৭২টি নতুন পাঠ্যবই বিতরণ করার কথাও প্রধানমন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেন।
২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতি প্রাথমিক শিক্ষার্থীর মানসিক বিকাশ, আচরণ ও ভাষা শেখানোর মৌলিক স্তর হিসাবে বিরাট অবদান রেখে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
শিক্ষার প্রসার বৃদ্ধিতে এক হাজার কোটি টাকার ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ গঠন, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট এক হাজার ১০৯টি দপ্তরে ইন্টারনেট সংযোগ দেওয়া, ৪৫২ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ সাক্ষরতা কর্মসূচি’ বাস্তবায়ন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ২০১৪ সালে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার কথাও বলেন প্রধানমন্ত্রী।
২০১৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ছিল ৯৭ দশমিক ৯৪ শতাংশ এবং ঝড়ে পড়ার হার ২০ দশমিক ৪ শতাংশ।
দেশের ৫২টি জেলার ১৪৮টি উপজেলায় এক হাজার ১৪০ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১২ হাজার ৫৬৭টি ‘আনন্দ স্কুল’ প্রতিষ্ঠার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এর ফলে ঝরে পড়া ৭ থেকে ১৪ বছর বয়সী ৭ লাখ ২০ হাজার শিশু দ্বিতীয়বার প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছে।”
“আনন্দ স্কুলে বিনামূল্যে বই দেয়ার পাশাপাশি বিনামূল্যে পোশাক ও উপবৃত্তি প্রদান করা হচ্ছে। বর্তমানে আনন্দ স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা তিন লাখ ৪২ হাজার ১৩৬ জন,” যোগ করেন তিনি।
যেসব এলাকার স্কুলে বিদ্যুৎ পৌছায় নাই, সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের যারা সংসদ সদস্য আছেন, তাদের প্রতি নির্দেশ আছে; টিআর-কাবিখা’র অর্ধেক .. বিদ্যালয়ে বা নিজের এলাকার যেখানে বিদ্যুৎ পৌছায়নি, যেখানে গ্রিড লাইন নাই, সেখানে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করবে। তারা করে যাচ্ছে।”
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর।
পরে প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন।
