২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রচার আইন জুনে: তথ্যমন্ত্রী

সম্প্রচার আইনের খসড়া তৈরি হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেন, আগামী জুন মাসে জাতীয় সংসদে আইনটি পাস হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 02:31 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

তিনি বলেছেন, “সম্প্রচার আইন না থাকায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। গণমাধ্যমের পবিত্রতা রক্ষার জন্যই এই আইন করা হচ্ছে।”

বৃহস্পতিবার সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিন্সের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

বাংলাদেশে বর্তমানে ৪৩টি বেসরকারি টেলিভিশনের সরকারি অনুমোদন রয়েছে। এর মধ্যে দুটি টেলিভিশনের লাইসেন্স স্থগিত রয়েছে, সম্প্রচারে আছে ২৩টি বেসরকারি টেলিভিশন।

তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সম্প্রচার আইন লঙ্ঘনের দায়ে খসড়ায় সাত বছরের জেল, ১০ কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে।

আইন লঙ্ঘনের দায়ে সম্প্রচার কমিশন অনধিক ১০০ কোটি টাকা জরিমানা করার প্রশাসনিক আদেশ দিতে পারবে বলেও খসড়ায় বলা হয়েছে।

সম্প্রচার আইনের খসড়ায় টেলিভিশন ও রেডিও ছাড়াও সম্প্রচারে থাকা ইন্টারনেটভিত্তিক প্রচার মাধ্যমকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইনু বলেন, “ইলেকট্রনিক মাধ্যমের সুনির্দিষ্ট আইন না থাকার জন্য অনেক সময় অনেক ভুল বোঝাবুঝি হয়। ভুল বোঝাবুঝির হাত থেকে রক্ষার জন্য সম্প্রচার আইন দরকার।”

অংশীজনদের মতামত নিয়ে সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশনের কাঠামো তৈরি করে তা মন্ত্রিসভায় পাঠানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী জুন মাসের অধিবেশনে সংসদে এই আইন পাস করার চেষ্টা করব।

সম্প্রচার আইনের আলোকে কমিশন গঠনে ইউএনডিপি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তথ্যমন্ত্রী।

“কেউ যাতে গণমাধ্যমকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও ব্যক্তিগত উসকানির জন্য ব্যবহার করতে না পারে সেজন্য গণমাধ্যমগুলোকে একটি কাঠামোর মধ্যে আনা হবে। গণমাধ্যমের পবিত্রতা রক্ষার জন্যই একটি কাঠামো তৈরি করা দরকার।”

আন্তর্জাতিক ও গণতান্ত্রিক মানদণ্ডের ভিত্তিতে সম্প্রচার আইন ও প্রচার কমিশন তৈরিতে ইউএনডিপি সহযোগিতা করবে বলে মন্ত্রীকে জানিয়েছেন রবার্ট ডি ওয়াটকিন্স।

আগামী দুই সপ্তাহের মধ্যে সম্প্রচার আইনের খসড়াটি হাতে পাওয়া যাবে বলেও জানান তথ্যমন্ত্রী।

‘মার্চে মিডিয়া কনভেনশন’

বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে আগামী মার্চ মাসে ঢাকায় দুদিনের একটি ‘মিডিয়া কনভেনশন’ আয়োজনের কথাও জানিয়েছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “মিডিয়া কনভেশন করে সারা দেশের সাংবাদিকদের আমন্ত্রণ জানাব। সেই সম্মেলন থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আলোচনা হবে।”

কনভেনশন শেষে ঢাকা ঘোষণা দেওয়া হবে, যার বাস্তবায়নে সরকার ও গণমাধ্যমগুলো একসঙ্গে কাজ করবে বলে আশাপ্রকাশ করেন ইনু।

ইউএনডিপি মিডিয়া কনভেনশন ও সাংবাদিকদের প্রশিক্ষণ আয়োজনেও আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তথ্যমন্ত্রী।

“ভূমিকম্প মোকাবেলা করতে কী প্রস্তুতি গণমাধ্যমের মাধ্যমে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। কমিউনিটি রেডিও সক্ষমতা বাড়াতেও ইউএনডিপি সহযোগিতা করবে।”