ঢাকায় সরকারি কর্মকর্তার স্ত্রীর গলা কাটা লাশ
ঢাকার কাফরুলের এক বাসা থেকে এক সরকারি কর্মকর্তার স্ত্রীকে গলা কাটা অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।
কাফরুল থানার এসআই রকিবুল ইসলাম জানান, বুধবার মধ্যরাতে মিরপুর ১৩ নম্বর সেকশনের এক বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ বিষয়টিকে আত্মহত্যা বলে মনে করলেও তার স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত মাহমুদা আক্তারের (৩৮) স্বামী মো. জহিরউদ্দিন (৪৫) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন অডিটর।
তিনিই রাত পৌনে ১টার দিকে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মাহমুদাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক সেন্টু চন্দ্র দাস জানান।
তিনি বলেন, “ওই নারীর গলা দা দিয়ে কাটা বলে মনে হয়েছে। জহির আমাদের বলেছেন, রাতের বেলা তিনি বাথরুমে গিয়েছিলেন। ফিরে দেখেন স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।”
কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম বলেন, “প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটা আত্মহত্যা। তারপরও আমরা জহিরকে জিজ্ঞাসাবাদ করছি।”
