গণজাগরণের বর্ষপূর্তি উপলক্ষে ২ দিনের কর্মসূচি
যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে- ৫ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় ‘রঙ তুলিতে স্বপ্নের বাংলাদেশ' নামে চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল ৪টায় ‘জাগরণ যাত্রা’, ৫টায় ‘স্মৃতিতে জাগরণ' এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক পরিবেশনা।
পরদিন বিকাল ৩টায় ‘মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ: কোন পথে আমরা?’ শিরোনামে আলোচনা সভা এবং সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা।
সব কর্মসূচিই শাহবাগে প্রজন্ম চত্বরে হবে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বুধবার এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে তিনি বলেন, “২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি থেকে প্রতিবাদের দীপ্র মশাল হাতে নিয়ে তৃতীয় বর্ষপূর্তির মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছে গণজাগরণ মঞ্চের আন্দোলন।..
“২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের আন্দোলনের আরেকটি গৌরবময় মাইলফলক স্থাপিত হতে যাচ্ছে।”
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর তার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান থেকে গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে। সে সময় দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে ওই আন্দোলন।
যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি এবং এই বিচার প্রক্রিয়া ত্বরাণ্বিত করতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে গণজাগরণ মঞ্চ।
বাংলাদেশে গত তিন বছরে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন মুক্তমনা লেখক-প্রকাশক ও অনলাইন অ্যাক্টিভিস্ট নিহত হয়েছেন, যাদের হত্যাকাণ্ডে ধর্মীয় উগ্রপন্থিদের হাত রয়েছে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।
নিহতদের অধিকাংশই গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
“তাদের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা আবারও মিলবো গণজাগরণের মিলনমেলায়,” বলেছেন ইমরান।
