দুদকের দুই কমিশনার নিয়োগে বাছাই কমিটি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুজন কমিশনার নিয়োগে একটি বাছাই কমিটি করেছে সরকার।
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সভাপতি করে মন্ত্রিপরিষদ বিভাগ গত সোমবার পাঁচ সদস্যের এই কমিটি গঠনের আদেশ জারি করেছে।
হাই কোর্টের বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিবের আগের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এম আবদুল আজিজকে এই কমিটিতে রাখা হয়েছে।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এবং কমিশনার মো. শাহাবুদ্দিনের মেয়াদ আগামী মার্চে শেষ হবে।
দুদকে কমিশনারদের চাকরির মেয়াদ হয় পাঁচ বছর।
নিয়মানুযায়ী, প্রথমে কমিশনার নিয়োগ দিয়ে পরে কমিশনারদের মধ্য থেকেই একজনকে চেয়ারম্যান নিয়োগ দেন রাষ্ট্রপতি।
দুদকে একজন চেয়াম্যান ও কমিশনার হিসেবে দুইজন দায়িত্ব পালন করেন।
বাছাই কমিটিকে দুদকের কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাতে বলা হয়েছে।
আদেশ বলা হয়েছে, কমপক্ষে কমিটির চার সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
