পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
একাত্তরে যুদ্ধাপরাধ সংঘটনকারী ‘২০০’ পাকিস্তানি সৈন্যের বিচারে সংসদে প্রস্তাব আনার দাবিতে স্পিকারকে স্মারকলিপি দিয়েছে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’।
বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের পর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে সংগঠনটির ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি দেন।
সংগঠনের আহ্বায়ক শাজাহান খান সমাবেশে বলেন, “পাকিস্তান সরকার তাদের বিচার করবে, এমন চুক্তি করে তাদের পাকিস্তানে ফিরিয়ে নিয়েছিল।
“তারা (পাকিস্তান) চুক্তি লঙ্ঘন করেছে। তাই এই ২০০ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর প্রতীকী বিচারসহ ভবিষ্যতে যদি এ যুদ্ধাপরাধীদের সংখ্যা দুই হাজারও হয় তাদেরও বিচার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।”
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশের পর পাকিস্তানি সৈন্যদের বিচারের দাবিও জোরাল হয়ে উঠেছে।
এরপরই পাকিস্তানি সৈন্যদের গণবিচারের উদ্যোগ নিয়ে শাজাহান খানের নেতৃত্বে নামে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’।
একাত্তরে ১৯৫ জন পাকিস্তানি সৈন্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এলেও তালিকায় তার চেয়ে পাঁচজন বেশি থাকার ব্যাখ্যাও মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেন শাজাহান খান।
তিনি বলেন, “১৯৫ জনের তালিকা প্রকাশ করার কথা থাকলেও নতুন পাঁচজনের তথ্য পাওয়ায় ২০০ জনের তালিকা করা হয়েছে।”
এরকম আরও তথ্য আসছে দাবি করে এই মন্ত্রী বলেন, “সেগুলো যাচাই-বাছাই করে ভবিষ্যতে আরও তালিকা প্রকাশ করা হবে।”
‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’র অন্য দাবির মধ্যে রয়েছে- মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা ও তাদেরকে পরিবারের নাগরিকত্ব বাতিলের বিধান করা, ‘জেনোসাইড ডিনায়াল ল’ এর আদলে বাংলাদেশের জন্য উপযোগী একটি আইন প্রণয়ন, জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করা, পাকিস্তানের কাছে পাওনা বাংলাদেশের হিস্যা আদায়ের উদ্যোগ নেওয়া ইত্যাদি।
প্রেস ক্লাবের সামনে সমাবেশে শাজাহান খানের সঙ্গে ছিলেন অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, নারীনেত্রী খুশি কবির।
সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
