ঢাকায় একজন গ্রেপ্তারের পর দক্ষিণ আফ্রিকায় অপহৃত বাংলাদেশিকে উদ্ধার
ঢাকায় মুক্তিপণের টাকাসহ একজনকে গ্রেপ্তারের পর দক্ষিণ আফ্রিকায় অপহৃত এক বাংলাদেশি ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিআইডি বলেছে, ঢাকার যাত্রাবাড়ী থেকে সোমবার আকবর হোসেনকে (২৯) গ্রেপ্তারের পর দক্ষিণ আফ্রিকা পুলিশের সহায়তায় ব্যবসায়ী মো. শহীদুল্লাহকে উদ্ধার করা হয়েছে।
গত ২ জানুয়ারি শহীদুল্লাহ অপহৃত হওয়ার পর মুক্তিপণ চাওয়া হয় বাংলাদেশে তার পরিবারের কাছে। তখন ৫ লাখ টাকা দিয়েছিলেন তার মা।
মুক্তিপণের তিন লাখ টাকাসহ যাত্রাবাড়ী থেকে আকবরকে আটকের পর সিআইডি কর্মকর্তারা বলেছিলেন, এই যুবক অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত।
সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী বলেন, “আকবর জিজ্ঞাসাবাদে জানায়, দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী তার স্ত্রীর বড় ভাই রাজিবের সহায়তার শহীদুল্লাহকে অপহরণ করা হয়েছিল।”
আকবরের দেওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকার পুলিশ, সেখানকার বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে।
“মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাতে দক্ষিণ আফ্রিকার সাসলবার্গ এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করা হয়,” বলেন আব্দুল্লাহেল বাকী।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী শহীদুল্লাহ সেখানেই ব্যবসা করেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে।
মুক্তিপণ দেওয়ার পর গত ৩০ জানুয়ারি মানি লন্ডারিং আইনে সোনাইমুড়ী থানায় একটি মামলা করে শহীদুল্লাহর পরিবার।
সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মামলার তদন্তে ঢাকার যাত্রাবাড়ী থেকে মুক্তিপণের তিন লাখ টাকাসহ আকবরকে গ্রেপ্তার করা হয়।
