অপহরণ দক্ষিণ আফ্রিকায়, মুক্তিপণ আদায় ঢাকায়
দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশিকে অপহরণ করে বাংলাদেশে মুক্তিপণ আদায়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার এই ব্যক্তির নাম আকবর হোসেন (২৯) বলে মঙ্গলবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় মো. শহীদুল্লাহ নামে এক প্রবাসী ব্যবসায়ী অপহৃত হন। এরপর মুক্তিপণ চেয়ে ঢাকায় তার মায়ের কাছে অর্থ চাওয়া হয়।
এর তদন্তে নেমে দক্ষিণ আফ্রিকায় অপহরণের সঙ্গে বাংলাদেশে থাকা একটি চক্রের যোগসাজশ পায় সিআইডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণকারীরা বাংলাদেশে শহীদুল্লাহর মায়ের কাছে ফোন করে প্রথমে ২৫ লাখ টাকা দাবি করেছিল।
“িএক সময়ে অপহরণকারীদের ৫ লাখ টাকা দেন তিনি। তারপর অভিযান চালিয়ে তিন লাখ টাকাসহ যাত্রাবাড়ী থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়।”
আকবর তার সঙ্গে জড়িত অন্যদের নাম জানিয়েছে বলে সিআইডি জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকায় শহীদুল্লাহর কী অবস্থা, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আফ্রিকার দেশটিতে স্বদেশীকে অপহরণ করে বাংলাদেশ থেকে মুক্তিপণ আদায়ের আরও ঘটনাও ইতোপূর্বে প্রকাশিত হয়েছে।
