২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজকর্মীকে জিম্মি করে লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক কর্মকর্তাকে জিম্মি করে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 01:16 AM

Updated : 12 Apr 2022, 01:21 AM

মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তদের কবলে পড়ার কয়েক ঘণ্টা পর এক লাখ টাকা দিয়ে মুক্তি পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইমতিয়াজ রায়হানুল হক।

তিনি জানান, কার্যালয় থেকে সন্ধ্যার পর বের হয়ে উত্তরায় যেতে তিনি মহাখালীর আমতলীতে বাসের অপেক্ষায় ছিলেন। এই সময় হঠাৎ করে সোনালী রঙের একটি টয়োটা প্রাইভেটকার তার পাশে থামে এবং ভেতরে থাকা ব্যক্তিরা তাকে জোর করে গাড়িতে তুলে নেয়।

“গাড়ির ভেতরে চারজন ছিল। তুলেই তারা আমার হাত-পা বেঁধে ফেলে, চোখে একটি কালো চশমা বেঁধে দেয়। এরপর মোবাইল, মানিব্যাগ, ব্যাগ নিয়ে নেয়।”

ইমতিয়াজ জানান, দুর্বৃত্তরা তার ক্রেডিট কার্ড ও এটিএম কার্ড নিয়ে একটি বুথে ঢুকে টাকা তোলার চেষ্টা চালায়। কিন্তু একাউন্টে বেশি টাকা না পেয়ে পাঁচ লাখ টাকা দাবি করে।

মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দিতে ইমতিয়াজকে বাড়িতে ও বন্ধুর কাছে ফোন করাতে বাধ্য করা হয়েছিল।

অত টাকা দিতে না পারায় প্রথমে ইমতিয়াজকে নানা হুমকি দেওয়া হয়। পরে এক লাখ টাকা পেলে ছেড়ে দিতে রাজি হয় তারা।

ইমতিয়াজের এক বন্ধু টাকা দিতে চাইলে তাকে টঙ্গী কলেজ গেইটে যেতে বলা হয়। সেখানে ইমতিয়াজকে নিয়ে গাড়িটি যায় এবং একজন টাকা নিতে গাড়ি থেকে নামে।

টাকা নেওয়ার পর ঢাকায় ফিরে বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশ পথের কাছে ইমতিয়াজকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

“নেমে সোজা হেঁটে যাবেন, পেছনে তাকাবেন না, বিপদ হবে,” ইমতিয়াজকে বলেছিল তাদের একজন।

ওই চার দুর্বৃত্তকে খুব বেশি শিক্ষিত মনে হয়নি ইমতিয়াজের কাছে। তবে তাদের মোবাইলসহ প্রযুক্তি ব্যবহারে দক্ষ মনে হয়েছে তার কাছে। 

“তারা আমার মোবাইল ফোন নিয়ে মেইল থেকে ব্যাংক স্টেটমেন্ট চেক করে আমার বেতন সম্পর্কে ধারণা নিয়েছিল। মোবাইলে তারা ‘মাস্টার’ সম্বোধন করে একজনের সঙ্গে কথা বলছিল। বারবার সিম পরিবর্তন করেছিল।”

মুক্তি পাওয়ার পর অভিযোগ জানাতে খিলক্ষেত থানার যান ইমতিয়াজ। সেখান থেকে তাকে বনানী থানায় অভিযোগ করতে পরামর্শ দেওয়া হয়।

খিলক্ষেত থানার ওসি শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার শুরু হয়েছে বনানী থানা এলাকায়। তাই এটি তাদের আওতাভুক্ত। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তিনি (ইমতিয়াজ) গেলেই তারা অভিযোগ নেবেন।”

ইমতিয়াজ জানান, তিনি বুধবার সকালে বনানী থানায় অভিযোগ দায়ের করবেন।