গণজাগরণের কর্মসূচিতে ছেদ
যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে তিন বছর আগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে ছেদ পড়েছে এবার।
যুদ্ধাপরাধ মামলার প্রতিটি রায়ের আগে শাহবাগে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসা এ মঞ্চ মঙ্গলবার দুই রাজাকারের মামলার রায় ঘোষণা ঘিরে কোনো কর্মসূচি পালন করেনি।
একাত্তরে হত্যা, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে মঙ্গলবার নেত্রকোণার রাজাকার কমান্ডার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের এবং তার সহযোগী আতাউর রহমান ননীকে সর্বোচ্চ শাস্তি রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তবে এদিন শাহবাগে মঞ্চের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। ছিল না তাদের অবস্থানও।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও কোনো কর্মসূচি না থাকার কথা জানিয়েছেন।
এর ব্যাখ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। সেজন্য দুই দিন আগে কোনো কর্মসূনি নিইনি।”
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর তার সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান থেকে গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে।
সে সময় দেশ-বিদেশে ব্যাপক সাড়া ফেলে ওই আন্দোলন। তাদের দাবির মুখে আইন সংশোধন করে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষেরও আবেদনের সুযোগ রাখা হয়।
ওই আবেদনে আপিল বিভাগের রায়ে কাদের মোল্লার মৃত্যুদণ্ড এবং পরে তা কার্যকর হয়।
এরপর থেকে প্রতিটি রায় ঘোষণার আগের রাত থেকে রায় ঘোষণার দিন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল গণজাগরণ মঞ্চ।
এদিন কর্মসূচি না থাকলেও বিভিন্ন সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়েছেন বলে জানানি ইমরান।
“যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে অবস্থানসহ নানা ধরনের কর্মসূচি পালন করে আসছি। কিন্তু আজ কোনো কর্মসূচি ছিল না। রায়ের পরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছি।”
তিনি বলেন, “দুই রাজাকার কমান্ডার প্রাপ্য শাস্তি পেয়েছে, রায়ে সন্তুষ্ট। আপিল বিভাগেও রায় বহাল থাকবে বলে আশা করি।”
