বিদেশে বন্দি ১৩ হাজার বাংলাদেশি
বিশ্বের বিভিন্ন দেশে বন্দি জীবন কাটাচ্ছেন ১৩ হাজার বাংলাদেশি, এর এক-চতুর্থাংশই রয়েছেন প্রতিবেশী দেশ ভারতের কারাগারে।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মঙ্গলবার সংসদে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন।
মন্ত্রীর তথ্য অনুযায়ী, বিশ্বের ৩৭টি দেশের কারাগারে বর্তমানে ১৩ হাজার ২৪ জন বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তিন হাজার ৯৩২ জন আটক রয়েছেন ভারতে।
এছাড়া মালয়েশিয়ার কারাগারে তিন হাজার ৫৩৬ জন, সংযুক্ত আরব আমিরাতে ১ হাজার ৫৮৪ জন, ওমানে ৯১২ জন, কাতারে ৪৪৭ জন বাংলাদেশি বন্দি রয়েছেন।
আরেকটি প্রশ্নের জবাবে মাহমুদ আলী জানান, আফ্রিকা মহাদেশে কৃষি জমি ইজারা নিয়ে চাষাবাদ করে খাদ্য শস্য উৎপাদনের জন্য বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের নিটল-নিলয় গ্রুপ উগান্ডায় ১০ হাজার হেক্টর এবং ভাটিবাংলা এগ্রিটেক তানজানিয়ায় ৩০ হাজার হেক্টর জমি ইজারা নিতে দেশ দুটির সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
“এসব লিজ গ্রহণকৃত জমিতে বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। এছাড়া এসব স্থানে খাদ্য শস্য উৎপাদন শেষে তা বাংলাদেশে বিক্রয় করা যাবে,” বলেন মন্ত্রী।
