৩০ লাখ শহীদ প্রতিষ্ঠিত ইতিহাস: ট্রাইব্যুনাল
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপিনেত্রীর বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি প্রতিক্রিয়ার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে, এই ‘প্রতিষ্ঠিত ইতিহাস’ নিয়ে বিতর্কের অবকাশ নেই।
মঙ্গলবার নেত্রকোণার রাজাকার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের ও আতাউর রহমান ননীর যুদ্ধাপরাধ মামলার রায়ের পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই বক্তব্য আসে।
রায়ের একটি অংশে বলা হয়, “প্রতিষ্ঠিত ইতিহাস হল- পাকিস্তানি সশস্ত্র বিাহিনীর দখল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে বাঙালি জাতি ও মুক্তিযোদ্ধারা নয়টি মাস যুদ্ধ করেছেন। ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন, লাখ লাখ নারী সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রিয় বাংলাদেশকে মুক্ত করতে। প্রায় এক কোটি মানুষকে শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, আরও বহু মানুষ তাদের বাস্তু হারিয়েছেন।
“এই মীমাংসিত ইতিহাস এখন জাতির পবিত্র আবেগ ও মুক্তিযুদ্ধের গৌরবের সঙ্গে একাকার হয়ে গেছে, যে যুদ্ধের মধ্য দিয়ে এ জাতি পেয়েছে ‘বাংলাদেশ’।”
রায়ের পর প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, “ইতোমধ্যে ত্রিশ লাখ শহীদের বিষয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, রায়ে সেই যুক্তি খণ্ডন করে দৃঢ়তার সঙ্গে আদালত বলেছেন, ত্রিশ লাখ শহীদ নিয়ে কোনো ধরনের বিতর্কের অবকাশ নাই। এই ত্রিশ লাখ মানুষের আত্মদানেই স্বাধীন বাংলাদেশ।”
বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, তাতে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে দুই যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর করতে বলা হয়েছে।
গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”
ওই বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে অভিযোগ করে আদালতে ইতোমধ্যে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। ওই বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকার একটি আদালত বিএনপি চেয়ারপারসনকে তলবও করেছে।
অবশ্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেনের দাবি, খালেদার ওই রাষ্ট্রদ্রোহ আইনের ‘সংজ্ঞায় পড়ে না’। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনের দিকটি খতিয়ে না দেখে ‘আবেগের বশে’ মামলার অনুমোদন দিয়েছে।
“এটি ভুল ধারণার ওপর করা হয়েছে…এবং সরকারও আবেগের বশবর্তী হয়ে এই মামলা করার অনুমতি দিয়েছেন আইনের বিধান মোতাবেক। এটি সঠিক হয় নাই।”
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে খালেদা জিয়ার বক্তব্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন দলের অন্য নেতারাও।
খালেদার বক্তব্যকে সমর্থন জানিয়ে ‘জরিপ’ করে ‘সঠিক সংখ্যা’ নিরূপণের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আর নজরুল ইসলাম খান বলেছেন, তারা ক্ষমতায় গেলে ‘সঠিক সংখ্যা’ নিয়ে তালিকা করবেন।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলে আসছেন, খালেদা জিয়ার ‘পাকিস্তানপন্থি মনোভাবই’ তার ওই মন্তব্যের কারণ।
শহীদের সংখ্যা নিয়ে সংশয় থাকলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে কীভাবে বিভিন্ন সময়ে দেওয়া বাণীতে ‘৩০ লাখ’ সংখ্যাটি উল্লেখ করেছিলেন, সে প্রশ্নও ইতোমধ্যে উঠেছে।
