২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদদের নাম জানি, ক্ষমতায় গেলে তালিকা: নজরুল

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ৩০ লাখ নিয়ে খালেদা জিয়ার বক্তব্য নিয়ে সমালোচনার মধ্যে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, তারা ক্ষমতায় গেলে ‘সঠিক সংখ্যা’ নিয়ে তালিকা করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 07:16 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

তিনি বলেছেন, “শহীদদের নাম আমরা জানি। বাংলাদেশের ইতিহাসে তাদের নাম সোনার অক্ষরে লিখে রাখা হোক। আমি নিশ্চিতভাবে আশা করি, যদি আল্লাহর মেহেরবানীতে আমরা আবার দায়িত্বে আসি, নিশ্চয়ই এই অসমাপ্ত কাজ সমাপ্ত করা উচিত হবে আমাদের জন্য।”

রোববার নয়া পল্টনে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের এক আলোচনা সভায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল।

Image
নজরুল ইসলাম খান (ফাইল ছবি)

নজরুল ইসলাম খান (ফাইল ছবি)

বিএনপি চেয়ারপারসন সম্প্রতি এক সভায় মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। ওই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাও হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বিএনপি চেয়ারপারসনের এই বক্তব্যকে দেখছেন পাকিস্তানিদের মতো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার প্রয়াস হিসেবে। অন্যদিকে বিএনপির দাবি, তারা ‘প্রকৃত’ সংখ্যাটি জানতে চান।    

নজরুল বলেন, “শহীদদের সংখ্যা নিয়ে এই যে দ্বিমত বা বির্তক, এতে কোনোভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের কারও প্রতি কোনো অশ্রদ্ধা প্রকাশ পায় না।

“বরঞ্চ এই দাবি আমাদের দেশের জন্য, এই মাতৃভূমির জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আত্মদান করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা রেকর্ডেড হোক।”

দলীয় প্রধানের বক্তব্যের পক্ষে অবস্থান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “তিনি বলেছেন, শহীদদের যে সংখ্যা বলা হচ্ছে এটা নিয়ে নিয়ে বির্তক আছে। একশ বার বির্তক আছে। এজন্য তৎকালীন সরকারের সময়েই পুলিশের আইজি আবদুর রহীম সাহেবের নেতৃত্বে কমিটি করা হয়েছিল প্রকৃত সংখ্যাটা বের করার জন্য। কিন্তু অজ্ঞাত কারণে ১৯৭৪ সালে সেই কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়।

“কেবল তাই নয়, শহীদদের সংখ্যা নিয়ে কত বইতে, কত ব্যক্তির বক্তব্যে কত রকম সংখ্যা আছে। তাজউদ্দীন সাহেব যুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীতে সময়ে তিনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন তিনি জাতির উদ্দেশে বক্তৃতা করে বলেছিলেন, প্রায় ১০ লাখ লোক শহীদ হয়েছে। এখন তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে দেন। বেগম জিয়া বলেছেন যে এটা নিয়ে বির্তক আছে। আর উনি (তাজউদ্দীন আহমদ) তো সংখ্যা বলে দিয়েছিলেন।”

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকাশনায় একাত্তরে বাংলাদেশে শহীদের সংখ্যা ১০ লাখ বলা হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, “যখন ওই সংখ্যাটা (৩০ লাখ ) বলা হয়েছে, তার কয়েকদিন আগে আমরা স্বাধীনতা লাভ করেছি। এটুকু সময়ের মধ্যে কবে কে হিসাব করেছে, কবে কে রিসার্চ করেছে, কবে কোন অনুসন্ধান হয়েছে যে এটা একদম এক্সাটলি আমরা বলতে পারলাম ৩০ লক্ষ। ২৯ লক্ষ ৬৮২ না, ৩০ লক্ষ ৩৭৯ না।”

শহীদদের সংখ্যা নিরূপনে বাংলাদেশের আগের সরকারগুলো ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন নজরুল।

“এই শহীদদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব ছিল, তা পালন না করার অভিযোগ তাদের সবার বিরুদ্ধে হতে পারে। যারাই ছিল, আমরাও ছিলাম।”

এনিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটির জিয়া পরিবারকে হেয় করতে করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জাপার সমালোচনা

কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নজরুল বিএনপিবিহীন দশম সংসদে প্রধান বিরোধী দল এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সমালোচনাও করেন। 

“মন্ত্রীও আছে, সংসদেও আছে। তামাকও খায়, দুদুও খায়। উপরেটাও খায়, নিচেরটাও খায়। পৃথিবীর ইতিহাস এরকম জিনিস আছে কিনা আমার জানা নেই।”

জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ‘অভিনয়’ করছে দাবি করে বিএনপি নেতা বলেন, “যারা সংসদে বিরোধী দল হিসেবে অ্যাক্টিং করছে, তারা যে বিরোধী দল নয়, এটা দেশের মানুষ বোঝে। এজন্য সাংবাদিকরাও তাদের বলে বিরোধী দল নয়, সংসদে বিরোধী দল।”

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কৃষক দলের সহসভাপতি এম এ তাহেরও এই আলোচনায় বক্তব্য রাখেন।

 

ইতিহাস ‘বিকৃত করছে সরকার’

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ করেছেন।

জাতীয় প্রেস ক্লাবে রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, “ আজ স্বাধীনতার ইতিহাস ক্রমাগতই বিকৃত হয়ে চলেছে আওয়ামী লীগর হাতে।

“একাত্তরের মুক্তিযুদ্ধে বার বার যার জীবন বিপন্ন হয়েছে, তিনি না কি আইএসআইর এজেন্ট। দেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্ব তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া না কি পাকিস্তানের চর।”

মুক্তিযোদ্ধা হাফিজও দলীয় চেয়ারপারসনের বক্তব্য সমর্থন করে তাজউদ্দীন আহমদের ‘১০ লাখ শহীদ’ বলার বিষয়টি উল্লেখ করেন।

“বেগম খালেদা জিয়া কোনো সংখ্যা উল্লেখ করেননি। শুধু বিষয়টি উল্লেখ করেছিলেন অন্যদের বক্তব্যের প্রেক্ষিতে।”

জাতীয়তাবাদী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এই আলোচনা সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, পরিষদের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খোকন বক্তব্য রাখেন।