২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাহের, ননীর ফাঁসির রায়ে প্রসিকিউশনের সন্তোষ

নেত্রকোণার রাজাকার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের ও আতাউর রহমান ননীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 01:35 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

মঙ্গলবার এ দুই যুদ্ধাপরাধীর রায়ের  পর প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেন, “আমরা প্রসিকিউশন পক্ষ এ রায়ে  সন্তুষ্ট।”

আরেক প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এ রায়ের মধ্য দিয়ে মাননীয় ট্রাইব্যুনাল যুক্তি খণ্ডন করে দৃঢ়তার সঙ্গে বলেছেন- এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি।”

Image
আবু তাহের ও আতাউর রহমান ননী

আবু তাহের ও আতাউর রহমান ননী

ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাহের ও ননীর বিরুদ্ধে যে ছয়টি অভিযোগ এনেছিল, তার মধ্যে চারটি সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণিত হয়েছে। তাদের ফাঁসির রায় এসেছে হত্যা ও ধর্ষণের মতো যুদ্ধাপরাধের দায়ে।

বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাহের ছিলেন নেজামী ইসলামী পার্টির স্থানীয় নেতা। চার দশক পরে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তার হওয়ার সময় বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন তিনি।

তাহের ও ননী একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেন এবং পাকিস্তানি দখলদার বাহিনীকে সহযোগিতা করতে গঠিত রাজাকার বাহিনীতে যোগ দেন।

সে সময় নেত্রকোণা জেলা সদর ও বারহাট্টা থানাসহ বিভিন্ন এলাকায় তারা মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য তারা ‘কুখ্যাত রাজাকার’ হিসেবে পরিচিতি পান বলে এ মামলার বিচারে উঠে এসেছে।