২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার চেষ্টা, স্বামীর বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকার এক বিদ্যুৎমিস্ত্রি তার স্ত্রীকে ময়মনসিংহে নিয়ে সেতুর নিচে ফেলে হত্যার চেষ্টা করেছেন বলে আদালতে অভিযোগ করেছেন ওই ব্যক্তির শাশুড়ি। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 12:48 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

মোমেলা বেগম (৪৮) নামের ওই নারী মঙ্গলবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার এই আর্জি জানান।

ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহম্মদের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বলে বাদির আইনজীবী আবদুল আউয়াল গোলন্দাজ জানিয়েছেন।

নির্যাতনের শিকার ওই নারীর বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। থাকেন রাজধানীর সিপাহীবাগের আইসক্রিম গলির একটি বাড়িতে।

মোমেলা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি খিলগাঁওয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পিয়নের কাজ করেন। তার মেয়ের একটি বিউটি পারলার ছিল।

তার মামলার আর্জিতে বলা হয়েছে, খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকার বিদ্যুৎমিস্ত্রি মো. আমির হোসেন (৩৬) ২০১৪ সালের ১৩ অগাস্ট বাসায় বিদ্যুতের কাজ করতে এসে তার মেয়েকে ধর্ষণ করে।

আমিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হলে সে ওই নারীকে মেয়েকে বিয়ে এবং এক কাঠা জমি লিখে দেওয়ার শর্তে আপোস করে। ধর্ষিতার সম্মতিতেই আমির মামলা থেকে খালাস পায়।

কিন্তু বিয়ের পর আমির উল্টো স্ত্রীর কাছে যৌতুক দাবি করে।

মোমেলা বেগম আর্জিতে বলেছেন, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় তিনি বাজার করতে গেলে সে সময় আমির ও তার বাবা-মাসহ আরও কয়েকজন তার মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে যায়।

দুই দিন পর গত ৯ জানুয়ারি সকালে তার মেয়েকে ময়মনসিংহের গৌরিপুরে একটি সেতুর নিচে পানি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখান থেকে আবদুল মান্নান নামের এক মুক্তিযোদ্ধা মোমেলা বেগমকে ফোন করে ঘটনা জানালে মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন তিনি।