২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনমেলায় সাঙ্গ পুলিশ সপ্তাহ

নিজেদের কাজের মূল্যায়ন ও সমালোচনা শোনার পাশাপাশি সরকারর কাছে বিভিন্ন চাওয়া তুলে ধরার মধ্য দিয়ে যে পুলিশ সপ্তাহ শুরু হয়েছিল, আনন্দ সম্মেলনের মধ্য দিয়ে তা শেষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 03:21 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

পুলিশ সপ্তাহের শেষ দিন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা মিলিত হন ঢাকার আশুলিয়ার নন্দন পার্কে।

দিনভর উৎসবের মেজাজে সময় কাটিয়ে সারাদেশের নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন রেঞ্জ মহাপরিদর্শক ও পুলিশ সুপাররা। তাই শেষ দিনে ছিল বিষাদের সুর।

জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ সপ্তাহ হচ্ছে একটা মিলন মেলা। এখানে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়।

“পরস্পরের সাথে পরস্পরের সাথে নানা সমস্যা নিয়ে কথা হয়। বছরে এই একবারই আনুষ্ঠানিকভাবে আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে থাকি। তারা যে নির্দেশনা দেন, তা বছর জুড়ে অনুপ্রেরণা জোগায়।”

গত ২৬ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন।

এরপর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা। সেখানে তারা নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

পুলিশের জন্য মন্ত্রণালয়ে আলাদা বিভাগ, পরিবহন সমস্যা ও ঝুঁকি ভাতা বাড়ানো, ব্যাংক ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি দাওয়া উঠে এসেছে এসব বৈঠকে। পুলিশের বিরুদ্ধে হওয়া অভিযোগের তদন্ত জেলা প্রশাসনের হাত থেকে সরানোর দাবিও এসেছে।

প্রধানমন্ত্রী তাদের দাবি শুনে তা পূরণের আশ্বাস দেন বলেও একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশিদ বলেন, “আমাদের অনেক কিছু চাওয়া-পাওয়া আছে। অনেক কিছুই যুক্তিপূর্ণ দাবি। এসব নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন।”

অভিযোগ উঠেছে, ১০২ জনকে পুলিশ পদক দেওয়ার ক্ষেত্রে এবার যোগ্যদের বঞ্চিত করা হয়েছে। তবে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

এবারই প্রথম পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দেন একজন নারী। সেই নারী চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারকে নিয়ে গণমাধ্যমে ছিল ব্যাপক আলোচনা। প্যারেড পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ির চালকও ছিলেন নারী কনস্টেবল মিতা রানী বিশ্বাস।

পুরনো খবর:

অহেতুক হয়রানি করবেন না: পুলিশকে রাষ্ট্রপতি
পুলিশকে জনগণের সেবক হতে হবে: প্রধানমন্ত্রী 
প্রথম নারী হিসেবে প্যারেডে নেতৃত্ব গৌরবের: শামসুন্নাহার