ঢাবি ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির নতুন কমিটি গঠন
ওয়াজির সাত্তার ও তৌফিক ইমরোজ খালিদীকে আরও এক বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি।
শুক্রবার সোসাইটির বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে ২০১৬ সালের এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
প্রতি বছরের মতো এবারো জানুয়ারির শেষ শুক্রবার বার্ষিক পুনর্মিলনীতে মিলিত হন সংগঠনের সদস্যরা।
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই চালু হয় ইংরেজি বিভাগ। তবে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে ১৯৮৬ সালে।
সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী পুনর্মিলনী অনুষ্ঠানে সোসাইটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তব্য দেন সোসাইটির সভাপতি ওয়াজির সাত্তারও।
অনুষ্ঠানের শেষ ভাগে নতুন কমিটি ঘোষণা করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞ ওয়াজির সাত্তার আবারও সভাপতির দায়িত্ব পান। ইংরেজি বিভাগের ১৯৭৩ সালে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ছিলেন তিনি।
আর ১৯৮৪-৮৫ ব্যাচের শিক্ষার্থী তৌফিক ইমরোজ খালিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক।
২৫ সদস্যের নতুন কমিটিতে সহ সভাপতি হিসাবে রয়েছেন বাংলা একাডেমির সাবেক পরিচালক কবি নুরুল হুদা, করপোরেট একজিকিউটিভ জুনাইদুল হক ও ব্যবসায়ী ইশতিয়াক মজিদ।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এই কমিটিতে আছেন যুগ্ম সম্পাদক হিসেবে।
গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন ইংরেজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রুবিনা খান।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন- নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান, ব্যবসায়ী সৈয়দ সাদাকাত হোসেন, তথ্যসচিব মর্তুজা আহমেদ, ব্যবসায়ী জাফরুল করিম, সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম খান, ইংরেজি বিভাগের অধ্যাপক নেভিন ফরিদা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের পরিচালক এটিএম সাজেদুল হক, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহীনুল হুদা জুয়েল, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুর রাজ্জাক মিয়া, অতিরিক্ত কর কমিশনার এম রফিকুল ইসলাম চৌধুরী, রেল মন্ত্রণালয়ের উপ সচিব আবদুস সামাদ আল আজাদ, নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী সাবেরা আহমেদ কলি, করপোরেট একজিকিউটিভ আকিব জাভেদ, রাইসুল হাসান ইভান এবং শিক্ষক নুসরাত গুলজার।
