২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো বন্ধু, হারানো দিন, স্মৃতির ছবিরা আজও রঙিন

শীত বিকেলের সেই মিঠে রোদ, ওই তো সব ভুলিয়ে দেওয়া বন্ধুর হাসি, তরুণ বেলার সেই টিএসসিতে আবারও জমজমাট আড্ডা।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 09:05 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

পুরনো খবর:

ঢাবি ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির নতুন কমিটি গঠন
ফিরে পাওয়া প্রিয়মুখ

ব্যস্ত নাগরিক জীবনের ফাঁকে পুরনো সহপাঠীদের সঙ্গে কিছুটা সময় কাটাতে প্রতি বছরের মতো এবারও জানুয়ারির শেষ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির আয়োজনে টিএসসির সবুজ চত্বরে জড়ো হয়েছিলেন ছয় শতাধিক সাবেক শিক্ষার্থী।

শীতের পিঠা, সিঙ্গারা, ফুচকা আর চায়ের কাপ ঘিরে ছাত্রজীবনের সেই আড্ডায় ফিরতে পেরে পুরনোদের চোখ-মুখে ঝিলিক দিয়ে গেল অতীতকে ছুঁয়ে দেখার উচ্ছ্বাস।

আর সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বে থাকা পূর্বসূরিদের কাছে পেয়ে নতুনদের বিকেল কাটল যেন স্বপ্নের ঘোরে।

সাড়ে ৩টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আসতে শুরু করেন আরও আগে। তাদের অভ্যর্থনা জানাতে সেখানে অপেক্ষায় ছিলেন এই সময়ের এক ঝাঁক তরুণ শিক্ষার্থী।

Image
পুনর্মিলনীতে উপস্থিতদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে প্রবীণ।

পুনর্মিলনীতে উপস্থিতদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে প্রবীণ।

Image
বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে ২০১৬ সালের জন্য নতুন কমিটি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটি।

বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে ২০১৬ সালের জন্য নতুন কমিটি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটি।

পুনর্মিলনীর সাজসজ্জার মধ্যেই প্রবেশ পথে রাখা একটি প্ল্যাকার্ড অতিথিদের স্বাগত জানিয়ে বললো- ‘ওয়েলকাম টু দ্য ডে অব ইওরস’।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তবে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে ১৯৮৬ সালের ডিসেম্বরে।

এবারের আয়োজনে যারা এসেছিলেন, তাদের মধ্যে ১৯৫৫ থেকে ২০১৩ সালের শিক্ষার্থীরা ছিলেন। অনুষ্ঠান মঞ্চের পাশে ‘উই অয়ার হিয়ার’ লেখা ব্যানারটি যেন সবার মনের কথাই বলছিল।

দল বেঁধে সেই ব্যানারের সামনে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন অনেকে, কেউ আবার বন্ধুর কাঁধে হাত রেখে স্মৃতিকে বন্দি করেছেন সেলফির ফ্রেমে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ অনেকেই ব্যস্ততার ফাঁকে ছুটির এই বিকেল কাটাতে এসেছিলেন পুরনো সহপাঠীদের সঙ্গে।

ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির সভাপতি ওয়াজির সাত্তার ও সাধারণ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী সবুজ চত্বরে ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

Image
পুনর্মিলনীতে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা।

পুনর্মিলনীতে পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা।

Image
অনুষ্ঠানের ফাঁকে চলে খাওয়া-দাওয়া।

অনুষ্ঠানের ফাঁকে চলে খাওয়া-দাওয়া।

বারান্দায় টেবিলজুড়ে সাজিয়ে রাখা হরেক রকম পিঠাপুলি, পুরি-সিঙ্গারা, ফুচকা-পাকোড়া আর জিলাপি, ঝালমুড়িতে আপ্যায়িত হওয়ার ফাঁকে ফাঁকে চলে হাসি আর গান।

নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, খায়রুল আলম সবুজ, ড. আজফার হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান রুবিনা খান, অধ্যাপক শওকত হোসেন, অধ্যাপক সদরুল আমিনসহ নিজ নিজ ক্ষেত্রে খ্যাতিমানদের ঘিরে প্রাঙ্গণে জমে ওঠে আড্ডা।

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুর রহমান এই বিদ্যাপীঠের ছাত্র ছিলেন ১৯৬৭ সালে। ক্যাম্পাসে ফেরার আনন্দ খেলা করছিল তার চোখেমুখে।

“খুবই ভালো লাগে এখানে এসে। অনেকের সঙ্গে দেখা হয়, স্মৃতি খুঁজি। কতোবার এসেছি… তারপরও বার বার আসার অপেক্ষায় থাকি। বছরের শুরুতে সবার একসাথে আসার সুযোগ হয়; তাই মিস করি না।”

২০০৫ সালে পাস করা ফারহিন আখতারকেও দেখা গেল অগ্রজদের পাশে সমান আনন্দে মশগুল। তিনি এসেছিলেন সন্তানকে নিয়ে।

“অসাধারণ অনুভূতি। পুরনো অনেকের সঙ্গে দেখা হয়েছে। আমি প্রতি বছরই আসতে চাই। ঘুরে ফিরে এখানেই আসতে হবে আমাদের; প্রিয় মুখগুলো ফিরে পেতে চাই,” বলেন তিনি।

নবীন-প্রবীণের এ মেলায় চারপাশে হাসির ফোয়ারা, ক্যামেরার ক্লিক ক্লিক…। এরই মধ্যে কেউ হেঁকে উঠছেন বন্ধুর নাম ধরে। আলিঙ্গনে বাঁধা হলে জমে উঠছে গল্প। 

Image
পুনর্মিলনীতে যুক্তরাষ্ট্রে অধ্যাপনায় নিয়োজিত আজফার হোসেনকে পেয়ে বুকে জড়িয়ে নেন অগ্রজ অধ্যাপক শওকত হোসেন।

পুনর্মিলনীতে যুক্তরাষ্ট্রে অধ্যাপনায় নিয়োজিত আজফার হোসেনকে পেয়ে বুকে জড়িয়ে নেন অগ্রজ অধ্যাপক শওকত হোসেন।

Image
অনেক দিন পর দেখা,এই স্মৃতি ধরে রাখতে ভোলেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পুনর্মিলনীতে অংশ নেওয়া অনেকে।

অনেক দিন পর দেখা,এই স্মৃতি ধরে রাখতে ভোলেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পুনর্মিলনীতে অংশ নেওয়া অনেকে।

যুক্তরাষ্ট্র থেকে ছুটিতে দেশে এসেছেন মিশিগানের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির লিবারেল স্টাডিজ এবং ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ-এর অধ্যাপক আজফার হোসেন। উৎসবের মাঠে ঢুকতেই তিনি হয়ে উঠলেন ছোট এক জটলার মধ্যমণি।

“আরে কী অবস্থা! কতদিন পর দেখা। ইউ আর লুকিং গ্রেইট।…”

“আরে কাছে আসেন, আপনার সঙ্গে ছবি তুলব…”

পাশে থাকা জাহাঙ্গীর হোসেন বললেন, “উনি আমাদের বিভাগের উজ্জ্বল তারা। এতদিন পরে কাছে পাওয়ায় আমাদের আনন্দটাও বেশি।”

সবার ভালোবাসায় সিক্ত হয়ে আজফার হোসেন বললেন, “এই জমায়েতের অপেক্ষায় থাকি আমরা। সবাই একসঙ্গে হব, স্মৃতি আওড়াব, সুখে-দুখে পাশে থাকব, খোঁজ-খবর নেব; আনন্দ-আড্ডা দেব। নতুন-পুরনো অনেকের সঙ্গে দেখা হবে- এই তো আমাদের মিলনমেলা।”

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ চত্বরে শুক্রবার ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ চত্বরে শুক্রবার ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান।

Image
পুনর্মিলনীতে এসে এক ফ্রেমে উঠে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯৮৪-৮৫ ব্যাচের শিক্ষার্থীরা।

পুনর্মিলনীতে এসে এক ফ্রেমে উঠে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯৮৪-৮৫ ব্যাচের শিক্ষার্থীরা।

সোসাইটির সভাপতি ওয়াজির সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আমাদের মাঝে সবচেয়ে পুরনো শিক্ষার্থী হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উনি ১৯৫৫ ব্যাচের। শত ব্যস্ততার মাঝেও তিনি এসেছেন, আমাদের খোঁজ-খবর নিয়েছেন।”

১৯৬৫ ব্যাচের শিক্ষার্থী নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রতিবছরই পুনর্মিলনীতে আসার চেষ্টা করেন। এবারের আয়োজন অন্যবারের চেয়ে গোছানো মনে হওয়ায় আয়োজকদের সাধুবাদ দেন তিনি।

“খুবই আনন্দের সময় কাটে এখানে। এবার আমার ব্যাচের একজনকে পেলাম না, আসতে পারেননি হয়ত ব্যস্ততায়।”

২০০২-২০০৩ সেশনের হাবিবা আখতারের এবারই প্রথম পুনর্মিলনীতে আসা। ঢাকার বাইরে থাকায় এতোদিন সুযোগ হয়নি। এবার শিক্ষকদের পাশাপাশি পুরনো সহপাঠীদের কয়েকজনকেও পেয়ে গেছেন।

Image
সোসাইটির সভাপতি ওয়াজির সাত্তার।

সোসাইটির সভাপতি ওয়াজির সাত্তার।

Image
পুনর্মিলনীতে এসে এক ফ্রেমে উঠে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯৮৪-৮৫ ব্যাচের শিক্ষার্থীরা।

পুনর্মিলনীতে এসে এক ফ্রেমে উঠে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১৯৮৪-৮৫ ব্যাচের শিক্ষার্থীরা।

বিকালে অনুষ্ঠান মঞ্চ থেকে সোসাইটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। প্রতিবারের মতো এবারো ইংরেজি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় সোসাইটির পক্ষ থেকে।

সন্ধ্যায় ঘোষণা করা হয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির ২০১৬ মেয়াদের নতুন কমিটি। এবারও ওয়াজির সাত্তারকে সভাপতি ও তৌফিক ইমরোজ খালিদীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন সোসাইটির সদস্যরা। 

পুনর্মিলনী থেকে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি নৌ বিহারের আয়োজন করেছে অ্যালামনাই সোসাইটি। এ পরিবারের সবাই সেখানে আমন্ত্রিত।

Image
টিএসসিতে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী।

টিএসসিতে ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী।

Image
অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাপ্পা মজুমদার।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাপ্পা মজুমদার।

সাবেক মুখ্য সচিব সোবহান সিকদার বলেন, “শত ব্যস্ততার মাঝেও সবাই এখানে আসার চেষ্টা করি; পরস্পরের খোঁজ নেই। এ মিলনমেলা সবার জন্যে স্মৃতিময়।”

প্রতিবছর পুনর্মিলনীর অপেক্ষায় থাকার কথা বললেন র‌্যাব মহাপরিচালক বেনজীরও।

“আনন্দ-আড্ডা দিয়ে বিকালটা কাটানোর পর আবার কাজে ব্যস্ত হয়ে যাব, আগামী বছরের অপেক্ষায় থাকব সবাই”।

স্বামী রাসেল জমাদার আর স্ত্রী নাজনীন ফারহান। দুজনই ইংরেজি বিভাগ থেকে পাস করেছেন ১০ বছর আগে।

“এ মিলনমেলা আমরা মিস করতে চাই না। দুজনই এক বিভাগের হওয়ায় সব বন্ধুদের একসঙ্গে পাই। আগে দুজন আসতাম, এবার এসেছি সন্তানসহ তিনজন,” হাসতে হাসতে বললেন নাজনীন। 

সন্ধ্যায় ছিল বাপ্পা মজুমদারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। র‌্যাফেল ড্র আর পুরস্কার বিতরণ শেষে আবারও মিলিত হওয়ার প্রতিশ্রুতি নিয়ে সাঙ্গ হয় এবারের মিলন মেলার।