রাব্বী নতুন মামলা করলে নিতে নির্দেশ
পুলিশি নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী আদালতে বা থানায় নতুন করে মামলা করতে চাইলে তা নিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
মামলা নেওয়ার জন্য এর আগে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আদেশে বলা হয়, “গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় নতুন করে থানা বা আদালতে মামলা করার স্বাধীনতা তার রয়েছে। এক্ষেত্রে সে কোনো অভিযোগ বা এজহার নিয়ে গেলে তা মুখ্য মহানগর হাকিম বা পুলিশকে গ্রহণ করতে নির্দেশ দেওয়া হলো।”
গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা রাব্বীকে আটক করে পুলিশ।
পরে তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার অর্থ আদায়ের চেষ্টা করেন বলে রাব্বীর অভিযোগ।
ওই ঘটনার পর ১১ জানুয়ারি ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেছিলেন রাব্বী। সেই লিখিত অভিযোগই এজাহার হিসেবে নিতে থানাকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও এক গণমাধ্যমকর্মীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত ১৮ জানুয়ারি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ মোহাম্মদ থানা পুলিশকে মামলা নেওয়ার ওই নির্দেশ দেয়।
সেইসঙ্গে রাব্বীকে নির্যাতন কেন ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট।
আদালতের নির্দেশনা অনুযায়ী রিট আবেদনকারীরা পরদিন মামলার এজাহার করার জন্য মোহাম্মদপুর থানায় যায় এবং লিগ্যাল সার্টিফিকেট জমা দেয়। তবে হাই কোর্টের আদেশের অনুলিপি না পাওয়ায় কথা জানিয়ে থানা মামলা নথিভুক্ত করা থেকে বিরত থাকে।
এরপর রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে গেলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দেন। স্থগিতাদেশ দিয়ে বিষয়টি ২৫ জানুয়ারি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন তিনি।
এরপর রাষ্ট্রপক্ষের করা আবেদন বৃহস্পতিবার শুনানির জন্য কার্যতালিকায় আসে। শুনানি নিয়ে আপিল বিভাগ পর্যবেক্ষণহ বিষয়টির নিষ্পত্তি করে দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। রিট আবেদনকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
অ্যাটর্নি জেনারেল পরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগ নির্দেশনায় বলেছেন, জনস্বার্থের নামে এ ধরণের মামলা (রিট আবেদন) করা সঠিক নয়। যেখানে ভিকটিম শিক্ষিত ও মামলা-মোকদ্দমা করতে সক্ষম, তার পক্ষ হয়ে জনস্বার্থে মামলার নামে রিট আবেদন করা এবং হাই কোর্টের নির্দেশ দেওয়া সঠিক হয়নি।
“সাথে সাথে আপিল বিভাগ বলেছেন, সংক্ষুব্ধ ব্যক্তি যদি মনে করেন, থানায় গিয়ে বা ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে তার মামলা তিনি করতে পারবেন। এ ব্যাপারে থানা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
রাব্বীর ওপর নির্যাতনের বিষয়টি গণমাধ্যমে এলে সমালোচনার মধ্যে পুলিশ কর্তৃপক্ষ এস আই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করে। মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
পরে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, ঘটনার রাতে গোলাম রাব্বী চেকপোস্ট অতিক্রম করার পর তার দেহ তল্লাশিতে বাধা দেন বলে তদন্ত কমিটি প্রতিবেদনে জানিয়েছে।
ওই অনুষ্ঠানে আইজিপি বলেন, “রাব্বী সাহেব যেহেতু পুলিশের কাজে বাধা দিয়েছেন, সেটি ফৌজদারি অপরাধের শামিল।”
তদন্ত কমিটির ওই প্রতিবেদন বৃহস্পতিবার আদালতে পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানিতে দেওয়া বক্তব্য তুলে ধরে তিনি সাংবাদিকদের বলেন, “আমি বলেছিলাম, ১৬ জানুয়ারি পুলিশ তদন্ত প্রতিবেদন দেওয়ার পর কয়েকজন আইনজীব মিলে রিট আবেদন করা ও হাই কোর্ট থেকে এরকম আদেশের জন্য প্রার্থনা করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য এ রকমভাবে মামলাটি করা হয়েছিল।”
