বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তা আন্তর্জাতিক মানে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ সপ্তাহ উপলক্ষে বুধবার নিজের কার্যালয়ে বিমানবন্দরগুলোর নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকা এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এক ভাষণে এই নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা যদি এয়ারপোর্টের সিকিউরিটি এখনই না বাড়াই.. শুধু বাড়ানো না। এটাকে একেবারে ভিজিবল করতে হবে। সেটা যদি না করি তাহলে আমাদের বিমান কিন্তু লন্ডনে যাওয়া বন্ধ হয়ে যাবে।
“আমেরিকায় কিন্তু আমরা এখনও পাঠাতে পারছি না। একটাই কারণে। এখনও কিন্তু আন্তর্জাতিকভাবে এ গ্রেডে নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি।”
যুক্তরাষ্ট্রে কোনো দেশের ফ্লাইট চালাতে হলে সে দেশের ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশনের (এফএএ) ক্যাটাগরি-১ ছাড়পত্র দরকার হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই ছাড়পত্র না থাকায় এখানকার কোনো বিমান সে দেশে যেতে পারছে না।
বিমানবন্দরের জন্য ‘দ্রুত’ একটি কম্পোজিট নিরাপত্তা ইউনিট তৈরির নির্দেশও দিয়েছেন সরকার প্রধান।
তিনি বলেন, “এখানে যদি আমরা নিরাপত্তাটা নিশ্চিত করতে চাই, অবশ্যই একটা কম্পোজিট ইউনিট আমাদের করতেই হবে। অন্তত দৃশ্যমান করার জন্য।
“যে কোনো নিরাপত্তা নিশ্চিত করতে গেলে সেখানে সকলকেই প্রয়োজন হয়। এয়ারপোর্টের অনেকগুলি টেকনিক্যাল জিনিস আছে, যেগুলো বাইরে থেকে আপনারা কিছুই হয়ত জানতে পারবেন না বা ধরতেও পারবেন না।”
যাত্রীদের পাশাপাশি কার্গোর ক্ষেত্রেও নিরাপত্তার বিষয়টির উপর জোর দিয়ে সরকার প্রধান বলেন, সেখানে কিন্তু আধুনিক স্ক্যানার থেকে শুরু করে অনেক কিছুর প্রয়োজন আছে।
“এগুলো দৃশ্যমান করতে হবে বলেই কিন্তু আমাদের এখানে কম্পোজিট ইউনিট তৈরি করতে হবে।”
প্রধানমন্ত্রীর ভাষণের আগে রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার ‘কম্পোজিট ইউনিট’ গঠন এবং বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন।
কম্পোজিট ইউনিটে অন্যান্য বাহিনীর সঙ্গে মিশে পুলিশের কাজ করার ক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে, তাও তুলে ধরেন তিনি।
বিমানবন্দরে এখন নিরাপত্তার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি আনসার, বিমানবাহিনী, র্যাব, শুল্ক গোয়েন্দাসহ বিভিন্ন বাহিনী কাজ করে। এপিবিএনসহ পুলিশের বিভিন্ন শাখা সেখানে কাজ করে।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “কে কার উপরে, কে কার নিচে- এই প্রশ্নটা তোলা অবান্তর বলে আমি মনে করি।
“আমাদের আন্তর্জাতিক চাহিদা পূরণ করেই ওখানকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই বিমানের চলাচল অব্যাহত থাকবে।”
শেখ হাসিনা বলেন, “সারাবিশ্বেই আমাদের বিমান যাক, সেটা আমরা চাই। এদিক লক্ষ্য রেখেই নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“এই বিষয়টি নিয়ে নিজেদের এতটা হীনমন্যতায় ভোগার কিছু নেই। এখানে কাজ করতে হবে সবাইকে মিলেমিশে। অনেকেরই অনেক দায়িত্ব আছে। যার যার দায়িত্ব তাকে পালন করতে হবে।”
সভায় বক্তব্যে এপিবিএনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বিমানবন্দরের নিরাপত্তায় তাদের সফলতার কথা তুলে ধরেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, “এতই যদি পারতেন, তাহলে এতদিনে তো নিরাপত্তা অনেক উন্নত মানের হয়ে যেত। আমার আন্তর্জাতিকভাবে প্রশ্নের সম্মুখীন হতে হত না। কিন্তু সেটা করতে পারেননি। সে কারণেই আমাদেরকে নতুনভাবে নিরাপত্তার কথা চিন্তা করতে হচ্ছে।”
নিজের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা তারেক আহমেদ সিদ্দিককে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দৃশ্যমান নিরাপত্তার ব্যবস্থার করতে দায়িত্ব দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা।
“প্রতিটি এয়ারপোর্ট বিশেষ করে আন্তর্জাতিক এয়ারপোর্টগুলোতে সেই নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।”
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বক্তব্য রাখেন।
