২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা: পলাতকদের গ্রেপ্তারে আদালতের তাগাদা

রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলার ‘পলাতক’ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন থানার পুলিশকে তাগাদা দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 04:14 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আল আমিন আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দিতে ৩ মার্চ নতুন তারিখ বেঁধে দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বলেন, “পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তার বিষয়ে প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন দিন ঠিক করে দিয়েছে।”

পলাতক আসামিরা হলেন- সাভার পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌর নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাবেক উপ-প্রধান পরিদর্শক মো. আব্দুস সামাদ, উপ-প্রধান পরিদর্শক (সাধারণ, ঢাকা বিভাগ ) মো. জামশেদুর রহমান, উপ-প্রধান পরিদর্শক বেলায়েত হোসেন, চট্টগ্রাম বিভাগের পরিদর্শক (প্রকৌশল) মো. ইউসুফ আলী, ঢাকা বিভাগের পরিদর্শক (প্রকৌশল) মো. সহিদুল ইসলাম, রাজউকের ইমারত পরিদর্শক মো. আওলাদ হোসেন, ইতার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস, মো. শফিকুল ইসলাম ভূইয়া, মনোয়ার হোসেন বিপ্লব, মো. আতাউর রহমান, মো. আব্দুস সালাম, বিদ্যুৎ মিয়া, সৈয়দ শফিকুল ইসলাম জনি, রেজাউল ইসলাম, নান্টু কন্ট্রাকটার, মো. আব্দুল হামিদ, আব্দুল মজিদ, মো. আমিনুল ইসলাম, নয়ন মিয়া, মো. ইউসুফ আলী ও তসলিম।

এদের মধ্যে আব্দুস সামাদ, জামশেদুর রহমান, বেলায়েত হোসেন, ইউসুফ আলী ও সহিদুল ইসলাম সরকারি কর্মকর্তা।

পলাতক ২৩ জনের বাইরে অভিযোগপত্রভুক্ত ১৮ আসামির মধ্যে শুধু ভবন মালিক সোহেল রানা ছাড়া বাকিরা জামিনে আছেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও হাজারখানেক শ্রমিক, যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।

এঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনের দুই মামলায় চলতি বছরের ১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ( সিআইডি) সহকারী সুপার বিজয়কৃষ্ণ কর ঢাকার মুখ্য বিচারিক হাকিম ৪২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

একই বছর ২১ ডিসেম্বর আদালত পলাতকদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে। পাশাপাশি তাদের মালামাল জব্দেরও আদেশ দেন বিচারক।