মন্ত্রী মোশাররফের ‘অপ্রসন্ন ভাগ্য’!
জাতীয় সংসদে মঙ্গলবার সোয়া এক ঘণ্টা ধরে সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ৩২ বার দাঁড়াতে হয়েছিল স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে।
টানা উত্তর দিতে গিয়ে মোশাররফ হোসেন এক পর্যায় স্মিত হেসে স্পিকারকে উদ্দেশ করে বলেন, “মাননীয় স্পিকার, লটারির ভাগ্য প্রসন্ন নয়। আজকে আমার ভাগ্যে সব প্রশ্নের উত্তর পড়ছে।”
এ মন্তব্যের পর অন্য একটি সম্পূরক প্রশ্নের জবাব দেওয়ার আগে খন্দকার মোশাররফকে উদ্দেশ করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “মাননীয় মন্ত্রী, আপনি অনেকক্ষণ ধরে প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনি চাইলে এখন বসে উত্তর দিতে পারেন।”
জবাবে ৭৩ বছর বয়সী মন্ত্রী বলেন, “এভাবে বার বার দাঁড়িয়ে উত্তর দেওয়ার জন্য আমার এক্সারসাইজ (ব্যয়াম) হয়ে যাচ্ছে। আগামীকাল (বুধবারের) সকালে হাঁটার প্রয়োজন পড়বে না।”
সংসদ অধিবেশনে দিনের কার্যসূচির শুরুতে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; প্রধানমন্ত্রীর কার্যালয়; নির্বাচন কমিশন সচিবালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ‘প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর’ পর্ব নির্ধারিত ছিল।
কিন্তু অধিবেশনের শুরুতে তারকা চিহ্নিত প্রশ্নের ‘মৌখিক উত্তরদানের জন্য প্রশ্ন ও উত্তর’ যে পর্যন্ত চলেছে তাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (স্থানীয় সরকার বিভাগ) এর আওতায় হওয়ায় খন্দকার মোশাররফকে অংশ নিতে হয়েছে।
অন্য চারজন মন্ত্রীর প্রশ্নোত্তর মঙ্গলবার থাকলেও উত্থপিত হওয়া প্রশ্নের মধ্যে তাদের কোনো মন্ত্রণালয়ের প্রশ্ন না আসায় তাদের সংসদে দাঁড়িয়ে উত্তর দেওয়ার প্রয়োজন পড়েনি।
১৫৭ থেকে ১৬৪ পর্যন্ত তারকা চিহ্নিত প্রশ্নোত্তরে শুধু স্থানীয় সরকারমন্ত্রীকে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে হয়েছে। মন্ত্রীকে ৮টি তারকা চিহ্নিত প্রশ্ন ও তার সম্পূরক প্রশ্নগুলোর উত্তর দিতে হয়েছে।
সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের দীর্ঘ উত্তর দেওয়ার সময় মন্ত্রী এর সামান্য অংশ পাঠ করে বাকিটা পঠিত বলে গণ্য করতে স্পিকারের প্রতি অনুরোধ করেন।
গলাচিপা উপজেলাকে নিয়ে উত্তর দিতে গিয়ে মন্ত্রী বলেন, “গলাচিপা পড়তে গেলে আমার গলাচিপা হয়ে যাবে।”
তার এ মন্তব্যে সংসদে উপস্থিত অনেকে হেসে ফেলেন।
প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার সময় দীর্ঘক্ষণ ধরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান স্পিকার ।
গত জুলাইয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে খন্দকার মোশররফকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।মোশাররফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুলের শ্বশুর।
