২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান শ্রমিক ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার

ধর্মঘট শুরুর কয়েক ঘণ্টা আগে মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 07:23 PM

Updated : 20 Aug 2022, 11:41 AM

সচিবালয়ে মঙ্গলবার রাতে নৌমন্ত্রী, মৎস্যমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী, বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও নৌযান মালিকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর শ্রমিক ফেডারেশনের নেতারা এই সিদ্ধান্ত জানান।

যাত্রী ও পণ্যবাহী নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন নৌযান শ্রমিকরা।

ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “নৌযান শ্রমিকদের কল্যাণ তহবিলসহ নৌপথের নাব্যতা, সমুদ্র পরিবহন অধিদপ্তরের সমস্যাসহ ১৫টি দাবি আগামী দুই মাসের মধ্যে পূরণের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় মন্ত্রীর আশ্বাস ও সিদ্ধান্তের আলোকে কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করছি।”

একটি কমিটির মাধ্যমে আগামী এক মাসের মধ্যে নৌযান শ্রমিকদের মজুরি নির্ধারণ করে গেজেট প্রকাশের আশ্বাসও পেয়েছেন শ্রমিকরা।  

সব পক্ষ আন্তরিকতার সঙ্গে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের আশা প্রকাশ করেছে জানিয়ে শাহ আলম বলেন, “যেন এই শিল্পে নতুন করে শ্রমিক অস্থিরতার সৃষ্টি না হয়।”

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আগামী মার্চ মাসের মধ্যে নৌযান শ্রমিকদের সমম্যা সমাধান করবে।

নৌযান মালিক ও শ্রমিকদের মধ্যে যে সমস্যা রয়েছে, তা উভয় পক্ষ একত্রে বসে সমাধানের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ধর্মঘটের ডাক নৌযান শ্রমিকদের