হাসপাতালের ‘ব্যবসা’: ১২ রোগীর ৭ জনই আইসিইউতে
নানা অনিয়মের কারণে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালকে ছয় লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তরা ১১ নম্বর সেক্টরের হাসপাতালটিতে অভিযান চালানো হয়।
হাসপাতালটিতে ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি, লাইসেন্স ছাড়াই ব্লাড ব্যাংক রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়েছে।
“হাসপাতালটি আইসিইউয়ের রোগীদের সেবা দেওয়ার নামে ব্যবসা করছিল,” বলেন র্যাবের হাকিম ফিরোজ।
তিনি বলেন, ৩০ শয্যার হাসপাতালটিতে গিয়ে দেখা গেছে ১২ জন রোগী। এদের মধ্যে সাতজনকে আইসিইউতে রাখা হয়েছে। সেখানে পা ভেঙে যাওয়া একজনও ছিল।
বেসরকারি এই হাসপাতালের কর্তৃপক্ষ সামান্য রোগে আক্রান্ত মানুষকেও আইসিইউতে রেখে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল বলে জানান ফিরোজ।
