কল্যাণপুর বস্তি উচ্ছেদে নিষেধাজ্ঞা থাকছে
ঢাকার কল্যাণপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের জমি থেকে বস্তি উচ্ছেদ না করতে হাই কোর্টের নিষেধাজ্ঞা থাকছে।
রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি ৩১ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক আবেদন শুনে গত ২১ জানুয়ারি বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দেয়।
পাশাপাশি ‘যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া’ বস্তির বাসিন্দাদের উচ্ছেদ ও হয়রানি না করতেও নির্দেশ দেয় আদালত। এতে স্থগিতাদেশ চেয়ে রোববার আবেদন করে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল একরামুল হক। আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ব্যারিস্টার সারা হোসেন ও রমজান আলী সিকদার।
ব্যারিস্টার সারা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। ফলে বস্তি উচ্ছেদে নিষেজ্ঞার আদেশ বহাল থাকছে ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা যাবে না।”
ডেপুটি অ্যার্টনি জেনারেল একরামুল হক টুটুল বলেন, “চেম্বার বিচারপতি আবেদনটি ৩১ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।”
২১ জানুয়ারি আসক-এর আবেদনের শুনানি চলার সময়ও কল্যাণপুরের নতুন বাজার পোড়া বস্তিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্ছেদ অভিযান চলছিল।
বস্তিবাসী উচ্ছেদে বাধা দিলে সকালে ওই এলাকায় বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বাধা উপেক্ষা করেই পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান শুরু করেন গণপূর্তের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অন্যদিকে ওই উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় সহযোগিতা চেয়ে পুলিশ কর্তৃপক্ষকে দেওয়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রলায়ের চিঠির অনুলিপি নিয়ে আদালতে যায় আসক।
২০০৩ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কল্যাণপুরের ওই জমি থেকে বস্তি উচ্ছেদের উদ্যোগ নিলে আসক, একটি বেসরকারি সংস্থা এবং দুই বস্তিবাসী হাই কোর্টে রিট করেন।
তাদের আবেদনে ওই বছর ২৮ ডিসেম্বর অবকালশকালীন আদালত স্থিতাবস্থার নির্দেশ দিয়ে রুল জারি করে। পরের বছর ৫ জানুয়ারি হাই কোর্টের নিয়মিত বেঞ্চেও একই আদেশ আসে।
২০০৬ সালে মন্ত্রণালয় আবারও উচ্ছেদ চালানোর জন্য চিঠি দিলে আসক ফের আদালত যায়। ওই বছর ২৫ জুন আদালত উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়।
বিভিন্ন সময়ে এই মেয়াদ বাড়ানোর পর ২০০৭ সালের ১৭ জানুয়ারি হাই কোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ায়।
এরপরও চলতি বছর ১০ জানুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ওই জমিতে উচ্ছেদ চালাতে পুলিশ চেয়ে চিঠি দেন। এই প্রেক্ষাপটে রিট আবেদনকারীরা হাই কোর্টে সম্পূরক আবেদন নিয়ে এলে ২১ জানুয়ারি নিষেধাজ্ঞার আদেশ আসে।
