২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বাড়ানোর দাবিতে বাঁধাই শ্রমিকদের বিক্ষোভ

দৈনিক ৮ ঘণ্টা কাজের ন্যূনতম মজুরি ২৫০ টাকা করাসহ কয়েকটি দাবিতে রাজধানীর পুরান ঢাকায় মিছিল ও সমাবেশ করেছেন বই বাঁধাই শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 01:30 AM

Updated : 12 Apr 2022, 01:16 AM

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সূত্রাপুর থানা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে বাংলাবাজার মোড় থেকে শ্রমিকদের বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে প্যারীদাস রোডে কে এল জুবিলি স্কুল মোড়ে সমাবেশ করেন তারা।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সূত্রাপুর থানা শাখার সংগঠক রাজীব চক্রবর্তী বলেন, “শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে বই তৈরি করে মানুষের শিক্ষার আলো জ্বালান, কিন্তু তাদের জীবন আজও অন্ধকারে নিমজ্জিত।”

তিনি বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করে শ্রমিকরা মাত্র ১৫০ থেকে ১৭০ টাকা মজুরি পান। নারী শ্রমিকরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করে পান মাত্র ১০০ থেকে ১২০ টাকা। আর শিশু শ্রমিকরা সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করে তিন বেলা খাবার ও মাসিক এক থেকে দেড় হাজার টাকা পায়।

“এই টাকায় কিভাবে শ্রমিকের সংসার চলে?”

২০১৪ সালে দৈনিক মজুরি ১০ টাকা করে বাড়ানো হয়েছিল জানিয়ে তিনি বলেন, ২০১৫ সালে শ্রমিকদের মজুরি বাড়েনি।

“এ বছর মজুরি বাড়ানো নিয়ে এখনও টালবাহানা চলছে।”

দ্রুত শ্রমিকদের মজুরি বাড়ানো না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তিনি।

সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জল রায়, কেন্দ্রীয় সংগঠক ফখরুদ্দিন কবির আতিক, ছাত্রনেতা মাসুদ রানা বক্তব্য দেন।

বাঁধাই শ্রমিকদের মজুরি বাড়ানোর পাশাপাশি সবেতনে সাপ্তাহিক ছুটি ও দুর্ঘটনায় ক্ষতিপূরণের নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।

সমাবেশ শেষে ফের মিছিল বের করেন শ্রমিকরা। মিছিলটি শ্যামবাজার, সূত্রাপুর, বাংলাবাজার এলাকা ঘুরে বাহাদুর শাহ পার্কে এসে শেষ হয়।