২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের নিন্দায় ওআইসির বিবৃতি, বাংলাদেশের সমর্থন

সৌদি দূতাবাসে হামলা ও ‘আঞ্চলিক সন্ত্রাসে তেহরানের অব্যাহত মদদ’ দেওয়ার অভিযোগ তুলে ইরানের নিন্দা জানিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) যে যৌথ বিবৃতি দিয়েছে, তাতে সমর্থন জানিয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 05:32 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

সৌদি আরবের অনুরোধে বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের ‘বিশেষ’ বৈঠক থেকে এ বিবৃতি দেওয়া হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ওআইসির সভাপতি হিসেবে পদাধিকারবলে কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ৫৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

তবে এই বিবৃতিকে ‘একচোখা ও দোষারোপমূলক’ প্রকৃতির আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইরান।

তেহরানে সৌদি আরবের কূটনৈতিক মিশনে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ডাকা ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীও অংশ নেন।

এর আগে বাংলাদেশ এ ধরনের হামলার নিন্দা জানিয়ে বলেছে, এ হামলার ঘটনা কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশনের ‘স্পষ্ট লঙ্ঘন’।

সৌদি সরকার শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে তেহরানে বিক্ষুব্ধ লোকজন দূতাবাসে হামলা চালায়। এরপর ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে মারাত্মক চিড় ধরে।

সাম্প্রতিক ঘটনাগুলো দুটি দেশের মধ্যে চলমান সম্পর্ককে আরও খারাপ করেছে।

অনৈক্যের সুযোগ নিতে পারে দুষ্ট শক্তি 

বৃহস্পতিবারের বৈঠকে আবারও হামলার নিন্দা জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ইরান সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

‘সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর সৃষ্ট সহিংসতার কারণে’ মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

“এরকম বিরুদ্ধ পরিস্থিতিতে, উদ্বেগ বাড়ে, সহিংসতা উসকে দেয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করে- এমন কিছু করা থেকে সংশ্লিষ্ট সকলের বিরত থাকা উচিত।”

 সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদের দুষ্ট শক্তিগুলো মুসলিম উম্মাহর ভেতরে ‘অনৈক্য ও বিভক্তির’ সুযোগ নিতে পারে বলেও সতর্ক করে দেন তিনি।

‘একচোখা’ যৌথ বিবৃতি

বিবৃতিতে ইরানে কূটনৈতিক মিশনে হামলার জন্য তেহরানের সমালোচনা করে ইরানের এধরনের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে পদক্ষেপ নিতে সৌদ আরবের তোলা দাবির প্রতি সমর্থন জানিয়েছে ওইআইসি।

ওই অঞ্চলের অন্য দেশগুলোতে হস্তক্ষেপের কারণে এবং ‘সন্ত্রাসে অব্যাহত মদদ যোগানোর’ জন্য বিবৃতিতে ইরানের সমালোচনাও করা হয়।

উৎস ও লক্ষ্য নির্বিশেষে সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলায় সৌদি আরব ও ওআইসি সদস্য দেশগুলোর প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দিয়েছে এ যৌথ বিবৃতি।

ইরান এ বিবৃতিকে প্রত্যাখ্যান করে বলেছে, ‘এটা একপক্ষীয় ও দোষারোপমূলক’; লেবাননও দূরত্ব বজায় রেখেছে।

এছাড়া বৈঠক চলাকালে মাহমুদ আলী ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পুরনো খবর:

সৌদি আরবের বিরুদ্ধে জাতিসংঘে ইরানের নালিশ
সৌদি-ইরান দ্বন্দ্বে বাংলাদেশ নীরব