২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা আদায়

রাজউকের চলমান পার্কিং দখলমুক্তকরণ অভিযানে বৃহস্পতিবার কয়েকটি এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে ৫ লাখ টাকার জরিমানা আদায় করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 01:07 AM

Updated : 20 Aug 2022, 11:40 AM

এছাড়া ধানমন্ডিতে তিনটি ভবনের কারপার্কিং, গুলশানে দুটি ভবনের কারপার্কিং দখলমুক্ত করা হয়েছে। উত্তরায় তিন দিনের প্রচেষ্টায় কুশল সেন্টার নামে একটি বিপণি বিতানের পার্কিংয়ের জায়গায় স্থাপিত ১৭০টি দোকান সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে বলে রাজউক কর্মকর্তারা জানিয়েছেন।

জোন-৫ এর অথরাইজড অফিসার শাফিউল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোবহানবাগে মিরপুর রোডের পাশে ১৪ নম্বর সড়কের একটি ভবনের নিচে উচ্ছেদ চালিয়ে কারপার্কিং উদ্ধার করা হয়েছে। অনুমোদন না থাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ভবনের একটি অংশ সিলগালা করে দেওয়া হয়েছে।

এছাড়া সোবহানবাগে একটি ভবনে থাকা অনুমোদনহীন ১৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে। ২৫ নম্বর সড়কে একটি ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা বিএফসির একটি খাবারের দোকানকে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সেটি উচ্ছেদ করা হয়েছে।

রাজউকের জোন-৪ এর অথরাইজড অফিসার আদিলুজ্জামান জানান, গুলশান-১ এর ৮ নম্বর রোডে গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ের নকশায় শো রূমসহ অন্যান্য স্থাপনা করায় হোটেল হলিডে ভিলাগ্রাম কর্তৃপক্ষকে ২ লাখ অর্থদণ্ড করা হয়েছে। অবৈধ স্থাপনা সরাতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া পাশে আরেকটি ভবনে পার্কিংস্পেসে ফাস্টফুড ও মিষ্টির দোকান স্থাপন করায় সেখানেও দুই লাখ টাকা জরিমানা করা হযেছে এবং তা অপসারণ করা হয়েছে।

এদিন সড়ক ও ফুটপাতের মাঝে থাকা ১২টি র‌্যাম্প অপসারণ করা হয় বলেও জানান আদিলুজ্জামান।

এদিকে উত্তরায় তিনদিন ধরে চলা কুশল সেন্টারের পার্কিংয়ে স্থাপিত ১৭০টি দোকানের উচ্ছেদ কাজ বৃহস্পতিবার সম্পন্ন করা হয়েছে বলে জানান রাজউকের অঞ্চল-২ এর কর্মকর্তা মিজানুর রহমান।