২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের পরামর্শ

রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধানে বাংলাদেশ-মিয়ানমারকে যৌথ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বিশেষ দূত পিটার সাদারল্যান্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 12:56 AM

Updated : 11 Oct 2022, 07:39 PM

“মিয়ানমারের শরণার্থী ইস্যু বাংলাদেশের সমস্যা। এ সমস্যা সমাধানে দুই দেশের যৌথ উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত ‘অভিবাসন ও উন্নয়ন: চ্যালেঞ্জ এবং সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধে একথা বলেন তিনি।

রোহিঙ্গা শরণার্থীদের কারণে বাংলাদেশের সমস্যার বিষয়ে সাদারল্যান্ড বলেন, এ বিষয়ে দুই দেশকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছুতে হবে।

প্রতিবেশী দেশ মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে ৫ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে অবস্থান নিয়ে আছে কয়েক দশক ধরে।

এই শরণার্থীরা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পাশাপাশি বাংলাদেশি পরিচয় নিয়ে বিদেশে গিয়ে অপকর্মের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে সরকারের অভিযোগ।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ আহ্বান জানিয়ে এলেও তাতে মিয়ানমার সাড়া দিচ্ছে না। উল্টো এদের নাগরিক হিসেবে মেনে নিতেও নারাজ বৌদ্ধপ্রধান দেশটি।

বিশ্বায়নের যুগে অভিবাসনের গুরুত্ব তুলে ধরে সাদারল্যান্ড বলেন, প্রবৃদ্ধি, বাণিজ্য, কর্মসংস্থান ও উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উন্নত বিশ্ব অভিবাসীদের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও বহুমাত্রিক সংস্কৃতি সমৃদ্ধ হয়।”

নিরাপদ অভিবাসনের লক্ষ্যে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে রক্ষায় প্রত্যেক রাষ্ট্রের জোরালো ভূমিকা প্রত্যাশা করেছেন তিনি।

এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের এই দূত বলেন, অভিবাসী গ্রহণকারী দেশগুলোর পাশাপাশি এই সঙ্কট সমাধানে দায় এবং দায়িত্ব আছে অভিবাসী প্রেরণকারী দেশেরও।

অভিবাসন সমস্যা মোকাবেলায় ইউরোপের দেশগুলোকে আরও বেশি সহানুভূতিশীল হতে হবে বলে মনে করেন সাদারল্যান্ড।

রাজধানীর ইস্কাটনের বিস মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে আলোচনা করেন সপ্তম গ্লোবাল ফোরাম অফ মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) সভাপতি রাষ্ট্রদূত ইভা আকেরমান বোরজে এবং আইসিএমসির গ্লোবাল সিভিল সোসাইটির সমন্বয়কারী জন বিংহাম। সঞ্চালনা করেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। বিস চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদও ছিলেন অনুষ্ঠানে।