এরশাদ শিকদারের ‘দেহরক্ষী’ গ্রেপ্তার
খুলনায় অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি হত্যাসহ নানা অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এরশাদ শিকদারের দেহরক্ষী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা থেকে শামসুল আলমকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মাহবুব আলম জানান।
খুলনার এরশাদ শিকদার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন। তার অনুগত না হলে বরফ কলে নিয়ে হত্যা করা ছাড়াও গাড়িসহ নদীতে ফেলে একাধিক হত্যার রোমহর্ষক ঘটনা দুই যুগ আগে বাংলাদেশে আলোড়ন তুলেছিল।
মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০০৪ সালে ফাঁসিতে ঝোলানো হয়েছিল তাকে। তার বিরুদ্ধে অর্ধশত হত্যার অভিযোগ ছিল।
