মিরপুরে পোশাক কারখানায় দগ্ধদের একজনের মৃত্যু
রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানার ডায়িং বিভাগে গরম পানিতে দগ্ধ দুই শ্রমিকের মধ্যে একজন মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, আরিফ হোসেন (১৮) নামে ওই শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। সেখানে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
সোমবার ভোররাতে মিরপুর সাত নম্বর সেকশনের ‘এক্টিভ জিপার’ নামের পোশাক কারখানার ওই ঘটনায় আরিফের সঙ্গ দগ্ধ স্বপনের (২০) চিকিৎসাও চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
গরম পানিতে দুই শ্রমিকের শরীরের ৮০ শতাংশের বেশি দগ্ধ হয় বলে জানান চিকিৎসকরা।
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, কারখানায় বয়লার বিস্ফোরণে দুইজন আহত হন বলে খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বয়লারের গরম পানিতে পাশ থেকে প্লাস্টিকের একটি বস্তু পড়েছিল।
“এ সময় পাশে কাজ করতে থাকা স্বপন ও আরিফের ওপর গরম পানির পড়লে তারা গুরুতর আহত হন।”
ওসি জানান, আরিফের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে; তারা তিন ভাই-বোন।
