২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু চলচ্চিত্র উৎসব শুরু শনিবার

রাজধানীসহ দেশের তিনটি বিভাগীয় শহরে শনিবার থেকে একযোগে শুরু হচ্ছে সাত দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 01:51 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।

ঢাকায় ও রাজশাহীতে চিলড্রেনস ফিল্ম সোসাইটি এবং সিলেটে মুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে ২৯ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে।

সংবাদ সম্মেলনে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ জানান, তিন বিভাগের মোট ১৫টি ভেন্যুতে ৩০টি দেশের দেড় শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বরাবরের মতো এবারের উৎসবেও অন্যতম আকর্ষণ থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতা। এবার শিশুদের ৮০টি চলচ্চিত্র থেকে নির্বাচিত ৩৩টি প্রদর্শিত হবে, যার মধ্য থেকে পাঁচটিকে পুরস্কৃত করা হবে; বাছাইয়ের জন্য পাঁচ সদস্যের জুরি বোর্ডেও থাকবে শিশু-কিশোররাই।

উৎসবে বড়দের নির্মিত শিশুতোষ চলচ্চিত্র প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকবেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র সমালোচক সাজেদুল আউয়াল ও জাকির হোসেন রাজু।

রায়ীদ মোরশেদ সাংবাদিকদের বলেন, “আয়োজনের ব্যাপকতার দিক থেকে এই উৎসব শিশুদের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব তো বটেই, সম্ভবত বিশ্বের অন্যতম বৃহৎ একটি চলচ্চিত্র উৎসব।”

শনিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বর ও শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর; সভাপতি থাকবেন উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তফা মনোয়ার।

উৎসবের তৃতীয় দিন ২৬ জানুয়ারি জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘শিশুদের উপর নির্যাতন’ শীর্ষক সেমিনার; পরদিন সেখানেই চলচ্চিত্র বিষয়ে কর্মশালা করবেন নির্মাতা অমিতাভ রেজা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরা মোরশেদ মুন্নি, উৎসবের প্রধান পৃষ্ঠপোষক প্রাণ আরএফএল গ্রুপের প্রাণ কনফেকশনারি লিমিটেডের হেড অব মার্কেটিং একেএম মনিরুল ইসলাম মঈন ও ব্র্যান্ড ম্যানেজার শাখাওয়াত আহমেদ।

উৎসব আয়োজনে সরকারের পক্ষ থেকে দশ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে; সাহায্য করেছে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি ও মানুষের জন্য ফাউন্ডেশন।

উৎসবের ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ফরাসি কালচারাল সেন্টার ‘আলিয়ঁস ফ্রঁসেজ’ ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়’।

উৎসবে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

রায়ীদ জানান, পরে পর্যায়ক্রমে ফেব্রুয়ারিতে চট্টগ্রামে এবং মার্চে খুলনা ও রংপুর বিভাগেও এ উৎসবের আয়োজন করা হবে।