২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মবিরতির ক্ষতি পোষাতে ঢাবিতে শুক্র-শনিবারে ক্লাস

নয় দিনের কর্মবিরতিতে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 10:53 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

কর্মসূচি স্থগিত করে বুধবার ক্লাসে ফেরার পর শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “কয়েকদিন ক্লাস নিতে পারিনি। শিক্ষার্থীদের কিছুটা হলেও ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে  শুক্র ও শনিবার ক্লাস নেওয়া হবে।”

যে বিভাগের যে সেমিস্টারে যতটা ক্লাস নেওয়ার প্রয়োজন হবে, তা বিভাগের শিক্ষকরা ঠিক করবে বলে জানান অধ্যাপক ফরিদ।

অষ্টম বেতন কাঠামোর বৈষম্য নিরসনের দাবিতে ১১ জানুয়ারি কর্মবিরতি শুরু করেছিলেন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর কর্মবিরতি কর্মসূচি স্থগিত করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

বুধবার ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে ফিরছেন বৃহস্পতিবার।

বুধবার সন্ধ্যায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষকদের সঙ্গে কথা বলে আমরা ফেডারেশন আহূত কর্মবিরতিতে গিয়েছিলাম। শিক্ষকদেরকে ফেডারেশনের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয় জানিয়ে ক্লাসে ফেরার এই সিদ্ধান্ত নিয়েছি।”

পুরনো খবর:

বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ফিরছেন ক্লাসে
পাবলিক বিশ্ববিদ্যালয় নয় দিন পর সচল