পে স্কেলে সংশোধনী নয় সমন্বয়: অর্থমন্ত্রী
সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমঝোতা না হওয়া পর্যন্ত নতুন বেতন কাঠামো নিয়ে কোনো কথা বলবেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অষ্টম বেতন কাঠামোয় সংশোধনী নয় সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “শিক্ষকদের ব্যাপারে আই হ্যাভ নো কমেন্টস। কেননা তারা তো বিভিন্ন কমিটির সঙ্গে আলোচনা করছেন, শিক্ষামন্ত্রী…।”
“আই অ্যাম ওয়েটিং যে, শেষ পর্যন্ত কী হয়। নেগোসিয়েশেন চলছে, নেগোসিয়েশন ফাইনাল যখন হবে তখন আই শ্যাল টক।”
নতুন বেতন কাঠামো সংশোধনের সম্ভাবনা আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “নো। পে-স্কেল সংশোধন হওয়ার কোনো কথাই নাই। ইট ইজ এ কোশ্চেন অব সার্টেইন অ্যাডজাস্টমেন্ট।”
বেতন কাঠামোর ‘বৈষম্য’ দূর করার দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নয় দিন পর কর্মবিরতির কর্মসূচি স্থগিত করে বুধবার ক্লাসে ফিরেছেন।
গত মাসে অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর আন্দোলন জোরদার করেন আগে থেকে এ নিয়ে আপত্তি জানিয়ে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করার বিরোধিতা করছিলেন তারা। পাশাপাশি জ্যেষ্ঠ সচিবদের সমান গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ না থাকাকে মর্যাদাহানি হিসেবে দেখছিলেন শিক্ষকরা।
শিক্ষকরা আপত্তি তোলার পর তাদের দাবি পর্যালোচনায় একটি কমিটি করে সরকার। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষকদের নিয়ে বৈঠকও করেন।
বৈঠকে অর্থমন্ত্রী শিক্ষকদের তিনটি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও ১০ দিন পর প্রকাশিত গেজেটে তার প্রতিফলন দেখা যায়নি বলে শিক্ষকদের অভিযোগ।
এরপর গত ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে ৩৭ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিগুলোর জোট বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, ২৬টি ক্যাডার ও বিভিন্ন ফাংশনাল সার্ভিসের কর্মকর্তাদের সংগঠন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি মঙ্গলবার তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে।
তাদের দাবি পূরণে অগ্রগতি আছে কি না- এমন প্রশ্নে মুহিত বলেন, “ওয়েল সমঝোতা হচ্ছে। এসব আন্দোলনের ভিত্তিই হয় ইগনরেন্স। রিপোর্ট পড়ার কারও সময় নেই। কারও সময় নেই অর্ডার পড়ার। এরপর তারা মুভমেন্টে যায়।”
‘প্রকৃচির মধ্যে কিছুটিা ভুল বোঝাবুঝি ছিল’ মন্তব্য করে মুহিত বলেন, “আমাদেরও কিছুটা দোষ ছিল, যা তাদের সঙ্গে পরিষ্কার করা উচিত ছিল।”
প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সঙ্গে অর্থ সচিব কথা বলেছেন বলে জানান অর্থমন্ত্রী।
নতুন বেতন কাঠামো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অসন্তোষ প্রসঙ্গে মুহিত বলেন, “একটু ভুল হয়েছে। সচিব কমিটি এটা সংশোধন করবে।”
