২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ব্যবসায়ীকে দিনে-দুপুরে ‘জিম্মি করে ৫ লাখ টাকা আদায়’

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ব্যবসায়ীকে দিনে-দুপুরে অপহরণের পর ছয় ঘণ্টা আটকে রেখে দুর্বৃত্তরা ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 01:48 AM

Updated : 20 Aug 2022, 11:38 AM

অর্থ দিয়ে মুক্ত হওয়া নাসির উদ্দিন মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

গার্মেন্টস সামগ্রীর ব্যবসায়ী নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে গাড়ি নিয়ে মোহাম্মদপুরে এক আত্মীয়ের বাসায় যাওয়ার সময় শিয়া মসজিদের সামনে নেমেছিলেন তিনি। তখন ৫/৬ জন যুবক তাকে ঘিরে ধরে এবং মুখের কাছে কিছু একটা দেয়। এরপরই তিনি জ্ঞান হারান।

“প্রায় দেড় ঘণ্টা পর জ্ঞান ফিরলে দেখি, আমি একটা অন্ধকার ঘরে। আমার পকেটে ২ লাখ ৬০ হাজার টাকা ছিল, তা নেই।”

দুর্বৃত্তরা আরও ৫০ লাখ টাকা দাবি করে তা না দিলে হত্যার হুমকি দেয়। তা দিতে রাজি না হওয়ায় মারধরও করা হয় বলে জানান নাসির।

তিনি বলেন, এরপর ৫ লাখ টাকায় রফা হয়। নিজের মোবাইল থেকে এক আত্মীয়ের কাছে ফোন করে একটি ব্যাংক হিসাবে আড়াই লাখ টাকা জমা দিতে বলেন তিনি।

“দুপুরের পর ওই একাউন্টে টাকা জমা দেওয়া হলে দুর্বৃত্তরা এক লাখ টাকা মোহাম্মদপুরের একটি এটিএম বুথ থেকে তুলে নেয়। বাকি টাকা চেকের মাধ্যমে ব্যাংকটির খিলগাঁও শাখা থেকে তোলে।”

এরপর সন্ধ্যার কিছু আগে চোখ বাঁধা অবস্থায় মোহাম্মদপুর রিং রোডে তাকে ছেড়ে দেয় বলে জানান নাসির।

আত্মীয়স্বজন খবর পেয়ে নাসিরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা নিয়ে সন্ধ্যার পর মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযোগ করেন তিনি।

থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”