কৃষির উন্নয়নে মাহবুব হোসেনের অবদানের স্বীকৃতি দাবি
বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি অর্থনীতিবিদ মাহবুব হোসেনের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেছেন তার স্মরণসভার আলোচকরা।
মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই স্মরণসভা হয়।
বাংলাদেশের শীর্ষ কৃষি অর্থনীতিবিদ মাহবুব হোসেন গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন মাহবুব কৃষি অর্থনীতি বিষয়ক গবেষণা, লেখালেখি এবং কৃষির উন্নয়নে উদ্ভাবনী ভূমিকার জন্য বিশ্বজুড়ে খ্যাতিমান ছিলেন।
স্মরণসভায় সভাপতির বক্তব্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, “বাংলাদেশের অর্থনীতিবিদদের মধ্যে ড. মাহবুব ছিলেন প্রথম সারির একজন। আর কৃষি অর্থনীতিবিদ হিসেবে তিনি ছিলেন অদ্বিতীয়।
“ড. মাহবুব হোসেন রাষ্ট্রীয়ভাবে সম্মান পাওয়ার যোগ্য।”
সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, “কৃষি, কৃষক ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নসহ দারিদ্র্য বিমোচনে ড. মাহবুব যা করে গেছেন, তার কাছে কেউ যেতে পারবে না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমএম আকাশ বলেন, “দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী যে কৃতিত্ব পান তার অর্ধেকের দাবিদার মাহবুব হোসেন।”
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, “বাংলাদেশের কৃষি বিষয়ক গবেষণাকে যিনি চেয়ারটেবিল থেকে সরেজমিন কৃষকের মাঠে নিয়ে গেছেন তিনি ড. মাহবুব হোসেন।
“তাকে রাষ্ট্রীয় সম্মান জানানোর এখনো সুযোগ আছে। বিষয়টি নিয়ে সরকারের নীতি নির্ধারকদের ভাবার সময় এখনই।”
সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, “একজন মানুষের বিখ্যাত হওয়ার বড় পরিমাপ হলো- তিনি কত মানুষের জীবন স্পর্শ করতে পেরেছেন। এদিক থেকে ড. মাহবুব অদ্বিতীয়।”
কৃষি গবেষণায় মাহবুব হোসেন যে নির্দেশনা দিয়ে গেছেন তার যথাযথ ব্যবহার করলে দেশ ও জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম বলেন, “ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে মাহবুব হোসেন বিভিন্নভাবে সহায়তা করেন। বিশেষ করে কৃষি অধ্যায়টি পুরোপুরি তার সহযোগিতায় প্রণয়ন করা।
“বাংলাদেশের উন্নয়ন অর্থনীতিতে তার অবদান অনস্বীকার্য। তার এই ঋণ শোধ করার সামর্থ্য নেই আমাদের। তবে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে এই ঋণ কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে।”
কৃষির উন্নয়নে অবদান রাখায় ১৯৮৪ সালে বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্ট অ্যাসোসিয়েশন থেকে স্বর্ণপদক পান মাহবুব হোসেন।
২০১৩ সালে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত রাজনীতি ও অর্থনীতিবিষয়ক সাময়িকী ‘ফরেইন পলিসি’ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশ ব্যক্তির তালিকায় বাংলাদেশের ড. মাহবুবকেও রেখেছিল।
১৯৮৮ থেকে ’৯১ পর্যন্ত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ছিলেন এই অর্থনীতিবিদ।
পরে তিনি ফিলিপাইনে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেন।
ড. মাহবুব এশিয়ান সোসাইটি অফ এগ্রিকালচারাল ইকোনোমিস্ট-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার স্মরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বাংলাদেশ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, ড. মাহবুবের ভাই ডা. সাখাওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. মো. আব্দুল করিম, ড. আতিকুর রহমান, ড. প্রতিমা পালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
