ফালুর বিদেশযাত্রার বাধা কাটল
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোসাদ্দেক আলী ফালুর বিদেশ যেতে বাধা কাটল।
বিদেশ যেতে বাধা দেওয়া হতে পারে- এ আশঙ্কা থেকে তার করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল (অ্যবসলিউট) মঞ্জুর করে রায় দেয়।
আদালতে ফালুর পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
শশাঙ্ক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফালুকে বিদেশ যেতে ও ফেরত আসতে তাকে বাধা দেওয়া বেআইনি ঘোষণা করেছে হাই কোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।”
ফালুর আইনজীবী মাসুদ রানা জানান, গত জুনে কারামুক্তির পর বিএনপি নেতাকে একবার বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তাই আবারও বাধা দেওয়া হতে পারে আশঙ্কা থেকে ফালু রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট ডিসেম্বরে রুল দেয়।
“তাকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং বাধাহীনভাবে বিদেশে যেতে ও দেশে ফেরত আসার অনুমতি কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। আদালতে এই রুল মঞ্জুর করে রায় দিয়েছে, ফলে তার বিদেশ যেতে-আসতে বাধা নেই।”
