২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে বছরের প্রথম অধিবেশন বসছে বুধবার

দশম জাতীয় সংসদের নবম অধিবেশন বসছে বুধবার। এটি ২০১৬ সালের প্রথম অধিবেশন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 09:25 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

বিকাল সাড়ে ৪টায় শুরু হতে যাওয়া এই অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণের পর সংসদ অধিবেশন মুলতবি করা হবে।

এর পর অধিবেশন শুরু হলে প্রধান হুইপ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনবেন। পরে সকল সংসদ সদস্য ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন।

২০১৪ সালের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে বিএনপিবিহীন দশম সংসদ।

বুধবার অধিবেশন শুরুর আগে সংসদের কার্যক্রম ঠিক করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে কার্য উপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ওই বৈঠকে অংশ নেবেন।

রেওয়াজ অনুযায়ী বুধবার সংসদের উত্তর প্লাজা দিয়ে প্রবেশ করবেন, যা ‘প্রেসিডেন্ট প্লাজা’ নামেও পরিচিত।

৬৫০০০ হাজার বর্গফুটের এই জায়গা মূলত রাষ্ট্রপতির প্রবেশের জন্য তৈরি করা। প্রায় ৫ বছর পর ২০১৪ সালের ২৯ জানুয়ারি এখান দিয়ে সংসদে ঢোকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে ২০০৯ সালের ২৫ জানূযারি এই স্থান দিয়ে সংসদে ঢুকেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি মো. ইয়াজউদ্দিন আহম্মেদ। ওই দিন নবম সংসদের যাত্রা শুরু হয়েছিল।

সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার সাদরুল আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহামান্য রাষ্ট্রপতি এবার নর্থ প্লাজা দিয়ে সংসদে ঢুকবেন। একারণে পুরো নর্থ প্লাজায় সাজসজ্জার কাজ করা হয়েছে।”

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি সংসদে ঢোকার সময় সশস্ত্র বাহিনীর একটি বাদ্যদল বিউগলে ‘ফ্যানফেযার’ বাজিয়ে রাষ্ট্রপতিকে সম্ভাষন জানাবেন। উত্তর প্লাজার ফ্ল্যাগ স্টান্ড থেকে তিনতলার বিশেষ লিফট পর্যন্ত বিছানো থাকবে লাল গালিচা।

বিশেষ লিফটে করেই সংসদ ভবনে সাত তলায় রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন আবদুল হামিদ।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবার স্পিকারের পাশে রাখা ডায়াসে দাঁড়িয়েই তার ভাষণ দিতে পারেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এবারে অধিবেশনে উত্থাপনের সোমবার পর্যন্ত ১১টি বিলের নোটিস পাওয়া গেছে। এর মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতা বাড়াতে কয়েকটি বিল রয়েছে। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ, নৌ বাহিনী সংক্রান্ত কয়েকটি বিল রয়েছে।