২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব-কোস্ট গার্ড হত্যা: হাই কোর্টে বিভক্ত রায়

বাগেরহাটে র‌্যাব ও কোস্ট গার্ডের তিন সদস্য হত্যার ঘটনায় ছয় আসামির মৃত্যুদণ্ড নিয়ে বিভক্ত রায় এসেছে হাই কোর্টে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 08:34 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও এক আসামির আপিল শুনানি শেষে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এম ফারুকের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়।

বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ছয় আসামির সবাইকে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক খালাস দিলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আরেক বিচারক।

আইনজীবীরা বলছেন, এখন নিয়ম অনুসারে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য অন্য কোনো একক বেঞ্চকে দায়িত্ব দেবেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১ ডিসেম্বর বাগেরহাট জেলার মংলা থানার পশুর নদীতে মোংলা নালের মোহনায় ডাকাত ধরতে অভিযানে যায় র‌্যাব ও কোস্টগার্ডের একটি দল। দু্ই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে ডাকাতদের কোনঠাসা করে তাদের ট্রলারে উঠে পড়ে র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা।

এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে আসামিরা কোস্টগার্ড সদস্য এম এইচ কবির, এম এ ইসলাম ও র‌্যাব সদস্য পিসি কাঞ্চনকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে।

পরদিন পশুর নদী থেকে এম এ ইসলামের লাশ এবং পরে বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৬ এর তখনকার উপ-সহকারী পরিচালক মহসিন আলী অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মংলা থানায় মামলা করেন। মংলা থানার তৎকালীন এস আই মো. নাসির উদ্দিন শেখ ২০০৭ সালের ৮ মে ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

রাষ্ট্রপক্ষে ১১ জনের জবানবন্দি শুনে ২০১৪ সালের ১৯ অগাস্ট রায় ঘোষণা করেন বাগেরহাটের জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান। ছয় আসামিকে মৃত্যুদণ্ড, সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে খালাস দেন তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোড়েলগঞ্জ উপজেলার গাবগাছিয়া গ্রামের রফিকুল শেখ, কুদ্দুস শেখ, ইদ্রিস শেখ, বাবুল শেখ এবং খাল খুলিয়া গ্রামের আলকাস ফকির ও ইলিয়াস শেখ।

যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্তরা হলেন- গাবগাছিয়া গ্রামের আকরাম শেখ, আলম শেখ, বাদশা শেখ, জামাল শেখ, কামাল ওরফে সুমন শেখ, রিয়াজুল শেখ ও হোগলা ডাঙ্গা গ্রামের আসলাম শেখ।

আসামি ইলিয়াস শেখ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন। পাশাপাশি অন্য আসামিদের ডেথ রেফারেন্সের শুনানির জন্য ২০১৪ সালে মামলাটি হাই কোর্টে আসে।

চলতি বছরের ১২ জানুয়ারি হাই কোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি শুরুর পর দুই বিচারক আলাদাভাবে রায় ঘোষণা করে। 

বিচারপতি মো. নিজামুল হক তার রায় ঘোষণা করেন ১৪ জানুয়ারি। অপরাধ ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায়’ তিনি মৃত্যুদণ্ডের ছয় আসামি এবং যাবজ্জীবন  পাওয়া সাতজনকে খালাস দেন।

এর সঙ্গে দ্বিমত পোষণ করে মঙ্গলবার রায় ঘোষণা করেন বিচারপতি এম ফারুক। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ড পাওয়া সাত আসামির দণ্ড বহাল রাখার আদেশ দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান।

ছয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন মমতাজ বেগম। আসামি ইলিয়াস শেখের পক্ষে লড়েন আইনজীবী প্রবীর হালদার।

রায়ের পর মনিরুজ্জামান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইলিয়াস শেখ ছাড়া বাকি আসামিরা সবাই পলাতক।

“আমরা মৃত্যুদণ্ড বহালের পক্ষে যুক্তি দিয়েছি। উভয় রায়ে তা টেকেনি। রায় পর্যালোচনা করে আপিল করা হবে কি না- সে বিষয়ে সিদ্ধান্ত হবে,” বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।