পরিচ্ছন্ন নগরী পেতে অভ্যাস ‘বদলাতে হবে’ নগরবাসীকে
ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে হলে নগরবাসীর সচেতনতার উপর জোর দিয়েছেন এভারেস্টজয়ী প্রথম নারী বাংলাদেশি নিশাত মজুমদার।
সোমবার এক পরিচ্ছন্নতা অভিযানে তিনি বলেছেন, “যেখানে সেখানে ময়লা ফেলার অভ্যাসের কারণেই ঢাকা নগরীকে পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না।
“যেখানে সেখানে ময়লা ফেলা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। তাই সরকারের সাথে সাথে আমাদেরও স্লোগান হওয়া উচিৎ, যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে ময়লা ফেলি।”
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
পরিচ্ছন্ন নগরীর জন্য নগরবাসীর মানসিকতা পরিবর্তনের উপর গুরুত্ব দেন মেয়রও।
“আমরা সুন্দর নগরী নিশ্চিত করতে চাই। ভাবনা জগতের পরিবর্তন চাই। রাজনীতিতে সুস্থতা চাই। সমাজ ও পরিবার ব্যবস্থায় পরিবর্তন চাই।”
অল্প সময়ের মধ্যেই নগরীর অপরিচ্ছন্নতা সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন সাঈদ খোকন।
সাঈদ খোকন এসময় গৃহস্থালি বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সিটি করপোরেশেনের ডাস্টবিনে রাখার আহ্বান জানান।
“ঘর-বাড়ির চেয়ে বেশি প্রয়োজন আমাদের এ শহরের যত্ন নেওয়া। আসুন আমরা ৭টার মধ্যে নির্দিষ্ট স্থানে ময়লা রাখি।”
এসময় মেয়র ১৪ ফ্রেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবসে’ সকাল ১০ টা থেকে এক ঘণ্টা প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান কর্মকর্তা খান মো. বিল্লাল, অভিনেতা আরফান, ইশানা, অমিত।
