২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি আশরাফ আলীর মৃত্যু

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক (ডিজি) ইসলামি চিন্তাবিদ সৈয়দ আশরাফ আলী আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 11:14 AM

Updated : 20 Aug 2022, 11:38 AM

রাজধানীর ইডেন মাল্টিকেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় তার মৃত্যু হয়।

আশরাফ আলীর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী সুলতানা আলী ও ছেলে সৈয়দ মোহাম্মদ আলীকে রেখে গেছেন।

ফুসফুসে জটিলতা দেখা দেওয়ায় দুই সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কলকাতার সাবেক মেয়র ও ভারতের লোকসভার সাবেক সদস্য সৈয়দ বদরুদ্দোজা ও রাকিয়া বদরুদ্দোজার সন্তান সৈয়দ আশরাফ আলীর জন্ম ১৯৩৯ সালে।

কলকাতার সেইন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণ শেষে ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তানে এসে পাকিস্তান রেডিওতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি।

১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে চট্টগ্রামে স্বাধীন বাংলা বিপ্লবী বেতারকেন্দ্র প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখেন আশরাফ আলী।

ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তার লেখা কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এছাড়া সংবাদপত্রে বিভিন্ন সময় ধর্ম এবং সঙ্গীতসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধও লিখেছেন।

পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন ও এটিএন বাংলায় নিয়মিত ইসলামবিষয়ক অনুষ্ঠান পরিচালনাও করেছেন তিনি।  

দুপুরে জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে তার মরদেহ মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।