২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাসুদ-আরশাদের ক্ষেত্রেও ‘যথাযথ ব্যবস্থা’ নিচ্ছে পুলিশ

অন্যদের মতো ব্যাংক ও সিটি করপোরেশন কর্মকর্তার ঘটনায় জড়িত দুই জনের ক্ষেত্রেও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 10:44 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

সোমবার সহকারী মহাপুলিশ পরিদর্শক (মিডিয়া) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

গত ৯ জানুয়ারি রাতে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীর পর ১৫ জানুয়ারি ভোরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিদর্শক (পরিষ্কার ও পরিচ্ছন্ন) বিকাশ চন্দ্র দাশকে ‘মারধরের’ অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

রাব্বীর ঘটনায় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদার এবং বিকাশের ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই আরশাদ হোসেন আকাশকে প্রত্যাহারের পর সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে। তাদের ব্যাপারে আরও তদন্তও চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় “কোনো ব্যক্তির বিচ্যুতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না বাংলাদেশ পুলিশ। আলোচ্য দুই জনের ক্ষেত্রেও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

নজরুল ইসলাম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা সিটি করপোরেশনের দুই জন কর্মকর্তার সাথে পুলিশের কয়েকজন সদস্যের আচরণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরে মনে করছে, “ব্যক্তির অপরাধের দায়ভার বাহিনীর ওপর চাপানো অসঙ্গত। অপরাধীর স্থান পুলিশে নেই।”

তিনি বলেন, “যেসব পুলিশ অপরাধে জড়ায় তাদের বিরুদ্ধে পুলিশ হিসেবে নয়, অপরাধী হিসেবে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয় বাংলাদেশ পুলিশ।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালে কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর পর্যন্ত ৭৬ জনকে বিভিন্ন অপরাধে বরখাস্ত-চাকুরিচ্যুত বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশে এক লাখ ৬৯ হাজার সদস্য রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সদস্য রাতদিন মানুষের জীবন, সম্পদ, সম্মান, চলাফেরার নিরাপত্তা শুধু নয়; সমাজ জীবনে শৃঙ্খলা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য জীবনবাজি রেখে কাজ করছে।

আর এসব করতে গিয়েই ২০১৫ সালে পাঁচ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।

দিনে হোক, রাতে হোক সন্দেহভাজন স্থান এবং ব্যক্তিকে তল্লাশির কাজটি পৃথিবীর সব পুলিশই করে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়,  এ কাজটি করার জন্য পুলিশকে যে আইনগত দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাও মানুষের নিরাপত্তার জন্যই। সেটার ক্ষেত্রেও আইনগত কিছু পদ্ধতি আছে।

“আর এ কাজগুলো যদি না করা হয়, তাহলে সমাজ বিপর্যস্ত হয়ে যাওয়ার আশঙ্কা বিদ্যমান।”

এতে বলা হয়, ব্যক্তির স্বাধীনতায় কতটুকু হস্তক্ষেপ করা যাবে সেই বিধি-বিধান সম্পর্কে পুলিশের প্রত্যেক সদস্যকে প্রশিক্ষিত করা হয়ে থাকে।

“পুলিশ সদর দপ্তর মনে করে, সততা-অসততা মানুষের ব্যক্তিগত গুণ বা দোষ। যে কারণে সমাজের কোনো গুরুত্বপূর্ণ পেশায় থেকেও কোনো কোনো ব্যক্তি অপরাধে জড়িয়ে যায়। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মানুষও সততার পরম উৎকর্ষতা দেখতে পারে, আবার প্রাসাদের বাসিন্দারাও অসততায় জড়িয়ে যায়।”

পুরনো খবর:

রাব্বীকে জিজ্ঞাসাবাদ পুলিশের তদন্ত কমিটির